ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়া শহরে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টায় মৌড়াইলের কলেজপাড়ায় দিদারুল ইসলাম দিদারকে (২৫) কুপিয়ে ফেলে রেখে যায়। সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে।
দিদারের গ্রামের বাড়ি জেলার তালশহর গ্রামে। তিনি মৌড়াইল এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি গাজী মো. শাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা দিদারের দুই পায়ের রগ কেটে দেয় এবং মাথায় আঘাত করে ফেলে রেখে যায়।
তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবজিসহ ৭/৮টি মামলা রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, দুই পায়ের রগ কেটে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে দিদারের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24