সিলেট, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর লাক্কাতুড়া চা বাগান এলাকা থেকে পুলিশের কাছ থেকে ছিনতাই নেওয়া পিস্তলটি ২২ দিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে লাক্কাতুড়া চা বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। তবে পিস্তলে থাকা ১৬ রাউন্ড গুলির মধ্যে দুই রাউন্ড গুলি কম পাওয়া গেছে বলে শনিবার জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) খায়রুল জাফর।
তিনি জানান, গত ৭ এপ্রিল রাতে কোতোয়ালি থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) আল-মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল লাক্কাতুড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে একটি ওয়ারলেস ও পিস্তলটি ছিনিয়ে নেয়। ওই দিনই ওয়ারলেসটি উদ্ধার করা হলেও পিস্তলটি উদ্ধার করা যায়নি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় ১২ জনকে।
এদিকে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় গত ১১ এপ্রিল এএসআই আল-মামুনসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
ওসি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত না করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১১ ঘ.
bdnews24