গাইবান্ধা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় শুক্রবার সকালে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একইদিন মুন্সীগঞ্জে উদ্ধার করা হয় এক তরুণের লাশ।
গাইবান্ধা প্রতিনিধি জানান, সদর উপজেলা পশ্চিম কোমরনই গ্রামের ঘাঘট নদী থেকে বেলা ১১টার দিকে আব্দুল জলিলের (৪০) লাশ উদ্ধার করা হয়।
আব্দুল জলিল উপজেলা সদরের হকার্স মার্কেটে সব্জির ব্যবসা করতেন। তার বাড়ি ছাট পশ্চিম কোমরনই গ্রামে।
গাইবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে জলিল বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আর বাড়ি ফেরেননি।
সকালে নদীতে লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তার শরীর ও মাথায় জখমের চিহ্ন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পারিবারিক কলহের জেরে জলিলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রতিবেশীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জলিলের স্ত্রী সোনালী বেগমকে আটক করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সকালে লৌহজং উপজেলার কুমারভোগের কাছে পদ্মা নদীর তীরে পাওয়া যায় কৃষ্ণ ভৌমিক দাসের (৩০) লাশ। কৃষ্ণ মেদেনীমণ্ডল গ্রামের বাসিন্দা।
লৌহজং থানার ওসি সুব্রত কুমার সাহা সাংবাদিকদের জানান, নদীর তীরে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
তার হাত ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৭ ঘ.
bdnews24