সাভার, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজার থেকে নজরুল ইসলাম (৩৬) নামে সৌদি আরব ফেরত এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে আমিনবাজারের বড়দেশী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুল গত ১৫ বছর ধরে সৌদি আরবে থাকেন। মাস খানেক আগে দেশে ফেরেন তিনি। এরপর থেকেই স্ত্রীর সঙ্গে নজরুলের পারিবারিক কলহ চলে আসছিল।
বিল্লাল জানান, বৃহস্পতিবার রাতে নজরুলকে বাড়িতে না পেয়ে খোঁজ করা শুরু হয়। পরে বাড়ির পাশে একটি গলির মধ্যে বস্তার ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা সোহরওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, নজরুল মারা গেছে।
বিল্লালের অভিযোগ, নজরুলের স্ত্রীর লোকজনই তাকে হত্যা করেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "নজরুলকে নির্যাতন করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।"
তিনি জানান, নজরুলের স্ত্রী ফারজানা আক্তার বাবলীর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এটাও হত্যার কারণ হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬১৮ ঘ.
bdnews24