ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে মতামত দিতে বিশেষ কমিটির দরজা বিএনপির জন্য এখনো খোলা আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
তিনি বলেছেন, সকলের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ হচ্ছে। বিএনপি ইচ্ছে করলে সেখানে মতামত দিতে পারে।
শুক্রবার রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাবের বার্ষিক জেলা সম্মেলন উদ্বোধনকালে আইনমন্ত্রী এ কথা বলেন।
সংবিধান সংশোধন বিষয়ক সংসদীয় কমিটি গত রোববার থেকে তিন দিন আইনজ্ঞ এবং সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে। প্রধান বিরোধী দল বিএনপি অবশ্য এ বৈঠকে যায়নি।
এ বিষয়ে মতামত জানতে আগামী ৩ ও ৪ মে সম্পাদক ও বিশিষ্ট জনের সঙ্গে আলোচনার দিন ঠিক করেছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি।
আইনমন্ত্রী বলেন, "সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি বিভিন্ন মহলের মতামত নিচ্ছে। এগুলো বিবেচনার জন্য তারা সংসদে প্রস্তাব করবেন।"
দেশে কোনো সংবিধান নেই বলে যারা দাবি করেন তারা সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই করে থাকেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়ের পর মুদ্রিত সংবিধান অনুসারেই দেশ চলছে।"
তিনি আরো বলেন, "মার্শাল ল' দিয়ে ক্ষমতা গ্রহণকারীরা সংবিধান ক্ষত-বিক্ষত করেছিল। সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা সরিয়ে দেওয়া হয়েছিল। এগুলো সংশোধনেই বিশেষ কমিটি কাজ করছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভুটানের স্পিকার লিয়নপো জিগমে টিসুলটিম, লায়ন্স ক্লাবের জেলা গভর্নর একেএম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপারসন খোন্দকার আবুল আশফাক, সাবেক কাউন্সিল চেয়ারপারসন কাজী আকরাম উদ্দিন আহমেদ ও লায়ন্স ক্লাবের বার্ষিক জেলা সম্মেলনের সমন্বয়ক নিখিল চন্দ্র বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/সিএস/কেএমএস/১৪৩৪ ঘ.
bdnews24