২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবহির্ভূত হত্যা-নির্যাতন বেড়েছে: বিএনপি

দেশে বিচারবহির্ভূত হত্যা ও পুলিশি হেফাজতে নির্যাতন ক্রমেই বাড়ছে দাবি করে এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত চেয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিচারবহির্ভূত হত্যা ও পুলিশি হেফাজতে নির্যাতন ক্রমেই বাড়ছে দাবি করে এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত চেয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেন, "বর্তমান সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ক্রসফায়ারে হত্যাকাণ্ড, বন্দি অবস্থায় নির্যাতন বেড়েই চলেছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে সরকার সর্বত্র মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।" যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ গ্রেপ্তার দলের অন্য নেতাদের ওপর 'নির্যাতনের' প্রতিবাদে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপি নেতাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আনম এহছানুল হক মিলন, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, মহিলা দলের নেত্রী সুরাইয়া বেগম গ্রেপ্তার রয়েছেন। সালাহউদ্দিন কাদেরের ওপর নির্যাতন চলছে দাবি করে ফখরুল বলেন, "গ্রেপ্তারের পর থেকেই প্রবীণ এ সংসদ সদস্যের ওপর নির্যাতন চলেছে। গত ১৯ এপ্রিল তাকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়ার সময়ে প্রিজনভ্যানে যেভাবে নির্যাতন করে তোলা হয়েছে, তা রোমহর্ষক।" তিনি পুলিশ ও কারা কর্তৃপক্ষের এ ধরনের আচরণের নিন্দা ও এর তদন্ত দাবি করেন। সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীও উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৫ ঘ.