ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের যেসব এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ, সেসব স্থানে জেলেদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে অতিরিক্ত বরাদ্দ চেয়ে খাদ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে।
এই সহায়তার মেয়াদ আরো একমাস বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে দুই মন্ত্রণালয়ের মধ্যে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর প্রত্যেক জেলে পরিবারকে মাসে ৩০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিলো। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় এ বছর সহায়তা কমিয়ে ২০ কেজি করা হয়। এতে সংশ্লিষ্ট এলাকার জেলেদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, "খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক বিষয়টি জানার পর জেলেদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ ও মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন। তার সম্মতি পাওয়ায় মন্ত্রণালয় থেকে বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।"
শিগগিরই খাদ্য মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন লতিফ বিশ্বাস।
ইলিশ ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে গত ৪ এপ্রিল থেকে দেশের ইলিশ ও জাটকা-প্রধান এলাকাগুলোতে ইলিশ ধরা বন্ধ রাখা হয়েছে। আগামী জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছর প্রাথমিকভাবে এপ্রিল ও মে মাসের জন্য পরিবারপ্রতি ২০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের আশ্বাসের পর সহায়তার পরিমাণ ২০ কেজি থেকে বাড়িয়ে ৩০ কেজি করা হচ্ছে।
অবশ্য এপ্রিল মাসের সহায়তার বরাদ্দ ইতোমধ্যে বণ্টন হয়ে যাওয়ায় বাড়তি সহায়তা জেলেরা পাবেন মে মাস থেকে।
গত বছর ১০ জেলার ৫৯ উপজেলার এক লাখ ৬৪ হাজার ৭৪০টি জেলে পরিবার এ খাদ্য সহায়তা পায়। এ বছর নতুন করে পাঁচটি জেলার ২৬টি উপজেলাকে এই সহায়তার আওতায় আনা হয়। মন্ত্রণালয়ের হিসাবে এবার মোট এক লাখ ৮৬ হাজার ১৬৫টি জেলে পরিবার খাদ্য সহায়তা পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২১১৬ ঘ.
bdnews24