ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী কামরুন নাহার নাদিয়ার মৃত্যু আঘাতজনিত কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকালে ময়নাতদন্তের প্রতিবেদন তার কাছে পৌঁছেছে।
"এতে নাদিয়ার মৃত্যু আঘাতজনিত কারণে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।"
সোমবার নাদিয়ার স্বামী শফিকুরকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
ওসি জানান, পুলিশ হেফাজতে নাদিয়াকে হত্যার কথা শফিকুর স্বীকার করেননি।
রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকায় একটি প্রাইভেটকার থেকে নাদিয়ার লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। সেখান থেকেই শফিকুরকে গ্রেপ্তার করা হয়।
ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শফিকুরের গাড়িচালক রবিউলকে এই মামলার সাক্ষী করা হয়েছে। তিনি অনেক তথ্য দিয়েছেন।
ওসি বলেন, "শফিকুরের মা ও ভাইকেও জিজ্ঞাসাবাদ করা হবে।"
সোমবার বিকালে ময়নাতদন্ত শেষে নাদিয়ার মৃতদেহ মধ্য বাসাবো এলাকায় সুজনের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে নাদিয়াকে দাফন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২৩২৭ ঘ.
bdnews24