কিশোরগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন হত্যার ঘটনায় ওসির প্রত্যাহারসহ চারদফা দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন।
এর আগে সকালে এ হত্যার ঘটনায় মিলনের স্ত্রী ইসমত আরা রোজী কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আকবরসহ ১৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এরমধ্যে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে রফিকুল ইসলাম মিলনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। রোববার সকালে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির।
লিখিত বক্তব্যে শেখ সেলিম কবির বলেন, কটিয়াদী হাইওয়ে থানার মাত্র ৫০ গজের মধ্যে শত শত মানুষ ও নিজের পরিবারের সদস্যদের সামনে চিহ্নিত সন্ত্রাসীরা মিলনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। কিন্তু পুলিশ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারেনি।
তাদের চারদফা দাবির মধ্যে রয়েছে- কটিয়াদী থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, সাত দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার, মামলাটি সিআইডিতে স্থানান্তর এবং কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তন নিহত রফিকুল ইসলাম মিলনের নামে নামকরণ।
সংবাদ সম্মেলনে নিহতের বড় মেয়ে জলি তার বাবার উপর হামলার বিবরণ দেন।
মিলনের স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার হয়েছেন- জুয়েল (২৬), সুমন (২৫), রতন (৩২), লিটু (২৮), মিলন (২৫), মনির (২৬) ও সুমন (২৪)।
তাদের বাড়ি কটিয়াদি উপজেলার বিভিন্ন গ্রামে, বলেন কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24