চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমাণ সরিষা ও পোস্তদানা আটক করেছে শুল্ক বিভাগ।
সোমবার গভীর রাতে খালাস করে ট্রাকে তোলার সময় এসব পণ্য আটক করা হয়। আটক করা পণ্যের মধ্যে প্রায় ১৬ হাজার কেজি পোস্ত এবং চারশ' কেজি সরিষার দানা রয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের প্রধান শুল্ক কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরিষার দানার সরকারি শুল্ক ৫ শতাংশ হলেও পোস্তদানার শুল্ক হার প্রায় ৬০ শতাংশ। সরকারি রাজস্ব ফাঁকি দিতে সরিষার দানা ঘোষণা দিয়ে পোস্ত আমদানি করা হয়েছে।
"সৈয়দপুরের পি কে ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের সি ক্যারিয়ার সার্ভিস নামক সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে এসব পণ্য আমদানি করে।"
সোমবার রাত ২টায় এসব পণ্য ট্রাকে তোলার সময় আটক করা হয়।
আটক মালামালের মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানান শুল্ক কর্মকর্তা ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২২০৭ ঘ.
bdnews24