চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর থেকে কলম্বোগামী জাহাজে করে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বন্দরের ১৩ নম্বর জেটি থেকে লাইবেরিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি সাম্পা বে জাহাজ ছেড়ে যাওয়ার সময় আক্তার আলী (৪১) নামে ওই ব্যক্তি লাফিয়ে জাহাজে উঠে পড়েন।
পরে বন্দরের নিরাপত্তাকর্মীরা জাহাজ থেকে ওই ব্যক্তিকে আটক করে। এতে জাহাজ ছাড়তে আধঘণ্টার মতো দেরি হয়।
আক্তার জানান, তার বাড়ি বরিশাল জেলায়। তবে তিনি নগরীর লালদীঘির পাড় এলাকায় বসবাস করেন। তার বাবার নাম আকবর আলী।
একটি পণ্যবাহী ট্রাকে করে বন্দর জেটিতে ঢুকেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্তার স্বীকার করেছেন।
বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এর আগে চট্টগ্রাম বন্দরের একটি খালি কন্টেইনারে আটকা পড়ে দুই ব্যক্তি সিঙ্গাপুর চলে যায়। এর মধ্যে কন্টেইনারে আটকা পড়ে মারা যান একজন। বেঁচে যাওয়া দীন ইসলাম নামে অপর ব্যক্তি সিঙ্গাপুরের চিকিৎসাধীন আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২২০৫ ঘ.
bdnews24