২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের মায়ের মামলা নিতে পুলিশের আরো গড়িমসির চেষ্টা ব্যর্থ

ঝালকাঠীর লিমন হোসেনের মায়ের মামলা নিতে পুলিশ আরো গড়িমসির চেষ্টা চালালেও তাতে কাজ হয়নি। অভিযোগ আকারে তদন্তের বিপক্ষে আদালতের আদেশ পর্যালোচনার আবেদনও খারিজ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

বরিশাল, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর লিমন হোসেনের মায়ের মামলা নিতে পুলিশ আরো গড়িমসির চেষ্টা চালালেও তাতে কাজ হয়নি। অভিযোগ আকারে তদন্তের বিপক্ষে আদালতের আদেশ পর্যালোচনার আবেদনও খারিজ হয়ে গেছে। র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত এইচএসসি পরীক্ষার্থী লিমনের মা হেনুয়ারা বেগম র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতে গেলে বিচারক তা মামলা হিসেবে নিতে রাজাপুর থানার ওসিকে নির্দেশ দেন। অন্যদিকে তার আগেই র‌্যাব লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। রাজাপুর থানা পুলিশ লিমনের মায়ের মামলাটি নথিভুক্ত না করে তা অভিযোগ হিসেবে র‌্যাবের মামলার সঙ্গে তদন্ত করতে আদালতে আবেদন করে। তবে সোমবার সে আবেদন নাকচ করেন হাকিম নুসরাত জাহান। ওই আদেশ পর্যালোচনার জন্য মঙ্গলবার র‌্যাবের দুই মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের পক্ষে জজ আদালতে আবেদন (রিভিউ পিটিশন) করেন সরকারি কৌঁসুলি পিপি আব্দুল মান্নান রসুল। তবে জেলা দায়রা জজ আদালত এ আবেদনও নাকচ করেছে জানিয়ে হেনুয়ারার আইনজীবী মানিক লাল আচার্য সাংবাদিকদের বলেছেন, ফলে এখন আগের নির্দেশ অনুযায়ী মামলা পুলিশকে নথিভুক্ত করতে হবে। এদিকে রাজাপুর থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম তালুকদার বলেছেন, লিমনের মায়ের অভিযোগ মামলা হিসেবে গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গত ২৩ মার্চ রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাসিন্দা লিমন হোসেন গুলিবিদ্ধ হয়। র‌্যাবের দাবি, সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে লিমনের পায়ে গুলি লাগে। সেদিনই লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। তবে লিমন বলছেন, তাকে ধরে নিয়ে গুলি করা হয়। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইটভাটা শ্রমিক লিমনের বাম পা কেটে ফেলতে হয়েছে। তাকে দেখতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও অসন্তোষ প্রকাশ করেন। এরপর হেনুয়ারা গত ১০ এপ্রিল ঝালকাঠীর বিচারিক হাকিম আদালতে র‌্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। তখন নালিশি অভিযোগটি থানায় মামলা হিসেবে নেওয়ার আদেশ দেন হাকিম। কিন্তু ১৫ দিনেও রাজাপুর থানা পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত না করায় হেনুয়ারা গত রোববার বিষয়টি আদালতকে জানালে হাকিম ৪৮ ঘণ্টার মধ্যে তা মামলা হিসাবে নথিভুক্ত করে তা আদালতকে জানানোর আদেশ দেন। তবে তারপরও মামলাটি নথিভুক্ত না করতে টালবাহানা চালিয়ে যাচ্ছিলো পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৫ ঘ.