২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুজি নেতা হান্নান একদিনের রিমান্ডে

খুলনার হোমিও চিকিৎসক আজিজুর রহমান অপহরণ ও হত্যা মামলায় নিষিদ্ধ হরকাতুল জিহাদ (হুজি) নেতা আব্দুল হান্নান ও আবু জান্দালকে একদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার হোমিও চিকিৎসক আজিজুর রহমান অপহরণ ও হত্যা মামলায় নিষিদ্ধ হরকাতুল জিহাদ (হুজি) নেতা আব্দুল হান্নান ও আবু জান্দালকে একদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সিআইডির সহকারী পুলিশ সুপারিনটেন্ডেট (এএসপি) ফজলুল কবীর তাদের হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করেন। শুনানি শেষে হাকিম মো. ইসমাইল হোসেন তাদের এক দিনের হেফাজতের (রিমান্ড) আদেশ দেন। এ মামলায় এর আগে ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা ইজহারুল ইসলামকে কয়েকবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইজহার এ মামলায় গত ৫ এপ্রিল মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। গত সোমবার তিনি সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান। আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে এ মামলায় মুফতি হান্নানকে কয়েক দফায় নয়দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জান্দালকে এই প্রথম হেফাজতে পেল সিআইডি। আদালতে হান্নান বলেন, "এ মামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু শুধু হেনস্তা করতে আমাকে এ মামলায় জড়ানো হয়েছে।" ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর ডা. আজিজুর রহমানকে ঢাকার মিরপুরের বাসা থেকে জুবায়ের নামে এক ব্যক্তি রোগী দেখার কথা বলে চট্রগ্রামে নিয়ে যায়। সেখান থেকে তিনি ফেরত না আসায় তার স্ত্রী হোমিও চিকিৎসক ফারহানা আক্তার জুঁই মিরপুর থানায় অপহরণের মামলা করেন। পরে তা হত্যা মামলায় রুপান্তরিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/১৮৫৫ ঘ.