ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে মঙ্গলবার এক ট্রাক চালকের এবং নড়াইল শহরের চিত্রা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, শহরের নতুন কোর্টপাড়ার একটি বাসায় ট্রাকচালক আবু বক্করের (৩৫) লাশ পাওয়া যায়।
ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
আবু বক্কর ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আবু বক্করের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের নিচের অংশে জখমের চিহ্ন রয়েছে।
গলায় মাফলার পেচানো অবস্থায় ঘরের ভেতর খাটের ওপর বসা অবস্থায় পাওয়া যায় তাকে। জিহ্বা বের হওয়া অবস্থায় ছিল। এতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, বকর ও তার স্ত্রী ফাহিমা খাতুনের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। ৭-৮ মাস আগে ফাহিমা বাবার বাড়ি চলে যান। মঙ্গলবার এ ব্যাপারে সালিশ বৈঠকের কথা ছিলো।
তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে মাছিমদিয়া এলাকায় এস এম সুলতান ব্রিজের (চিত্রা ব্রিজের) পাশে তার লাশ পাওয়া যায়।
মেয়েটির বয়স ১৫ বছরের মতো।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন চিত্রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১৯ ঘ.
bdnews24