পাবনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় মঙ্গলবার ভোর রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নেতা টিক্কা খান (৩৫) নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহত টিক্কা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম এল লাল পতাকা) আঞ্চলিক নেতা ও টিক্কা বাহিনীর প্রধান।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে পাবনার গ্রামাঞ্চলে নতুন করে চরমপন্থীরা সক্রিয় হয়ে উঠেছে। মঙ্গলবার গভীর রাতে টিক্কা খানের নেতৃত্বে ১৫/১৬ চরমপন্থী চান্দাই থেকে রানীগ্রাম পর্যন্ত সশস্ত্র মহড়া দেয়।
"এই খবরের ভিত্তিতে ৪টার দিকে আতাইকুলা থানার পুলিশ ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে প্রায় এক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে এবং এ সময় উভয়ের মধ্যে শতাধিক রাউন্ড গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই টিক্কা খান নিহত হন।"
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টার গান, ছয় রাউন্ড গুলি ও গুলি রাখার বেল্ট উদ্ধার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিবুল।
নিহত টিক্কা আতাইকুলা থানার হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৫০১ ঘ.
bdnews24