ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও থেকে এক গৃহবধূর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরো তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাঁচদিন আগে মো. শামীম তার স্ত্রী সাথী আক্তারকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার পর পলিথিনের বস্তায় পেঁচিয়ে বাসায় খাটের নীচে রেখে পালিয়ে যায়।
মঙ্গলবার প্রথম প্রহরে দক্ষিণ বনশ্রীর ১৭ নম্বর বাসার পাঁচতলা থেকে সাথীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি পাবনার সাজুপাড়ায়।
ওই ভবনের মালিক রাজ্জাক হোসেন জানান, চলতি মাসেই শামীম এই বাসা ভাড়া নেয়। সোমবার বিকালে সাথীর মা ও বোন তার খোঁজে আসে। ওই ফ্ল্যাটের দরজা তালাবন্ধ ছিলো। বাড়ির দারোয়ানকে শামীম পাঁচদিন আগে বলে গিয়েছেন তারা বেড়াতে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দিলে তার দরজার তালা ভেঙে খাটের নিচ থেকে পলিথিনের বস্তায় পেঁচানো সাথীর লাশ উদ্ধার করে।
রাজ্জাক জানান, ভবনের পাশেই শামীমের একটি মুদিদোকান রয়েছে। সাথীর দুই সন্তান। বড়টি স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করে। ছোটটি নানীর কাছে থাকে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের ভাই হায়দার আলী শামীমের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে বিমানবন্দর থানার বলাকা ভবনের পাশের সড়ক থেকে অজ্ঞাত (৩৪) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে গাড়ির চাপায় ওই ব্যক্তি নিহত হন বলে বিমান বন্দর থানা পুলিশ জানিয়েছে।
এছাড়া রমনা থানাধীন মিরবাগ এলাকা থেকে মঙ্গলবার দুপুরে লাইলি আক্তার (১৯) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রমনা থানার এসআই আব্দুর রউফ জানান, পারিবারিক কলহের জের ধরে লাইলির স্বামী মিজানুর রহমান তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।
একই এলাকা থেকে সোমবার প্রথম প্রহরে জনি শেখ (২৮) নামে অপর এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে জনি আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।
ময়নাতদন্তের জন্য চারটি লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪১০ ঘ.
bdnews24