ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক থেকে মুহাম্মদ ইউনূসের পারিবারিক একটি প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ক্রয় নীতিমালা লংঘন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানকে এখতিয়ার বহির্ভূতভাবে ঋণ ও সেবা দেওয়ায় গ্রামীণ ব্যাংক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দেওয়া ওই প্রতিবেদনের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। এতে বলা হয়েছে, "প্যাকেজেস কর্পোরেশন ড. মুহাম্মদ ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠান। ১৯৯০ হতে ২০০৫ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড (এসভিসিএফ) থেকে প্যাকেজেস কর্পোরেশনকে ৯ দশমিক ৬৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়।"
কমিটি বলেছে, ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ওই ঋণের মধ্যে ১৩৭ দশমিক ৪১ লাখ টাকা মওকুফ করে। ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংক ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এখানে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই পণ্য/সেবা ক্রয় করা হয়েছে এবং অর্থায়ন ও ঋণ মওকুফ করা হয়েছে, যাতে 'স্বার্থের দ্বন্দ্ব' বিদ্যমান।
প্রতিবেদনে বলা হয়েছে, "প্যাকেজেস কর্পোরেশন ও গ্রামীণ কমিউনিকেশনস উন্মুক্ত দরপত্র ছাড়াই প্রিন্টিং ও কম্পিউটার সামগ্রী কিনে ব্যাংকের নিজস্ব ক্রয় নীতিমালা লঙ্ঘন করেছে।"
ইউনূসের একটি প্রতিষ্ঠানের জন্য গ্রামীণ ব্যাংকের 'আর্থিক ক্ষতি' হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
"ইউনূস সেন্টার নামীয় ড. মুহাম্মদ ইউনূসের একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানকে নামমাত্র ভাড়ায় ব্যাংকের ১১ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়ায় ব্যাংকের আর্থিক ক্ষতি হয়েছে।"
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে 'এখতিয়ার বহির্ভূত' কাজেরও উল্লেখ করেছে পর্যালোচনা কমিটি।
এ বিষয়ে প্রশ্ন করা হলে গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম) জান্নাত ই কাওনাইন কোনো মন্তব্য করতে রাজি হননি।
পর্যালোচনা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ঋণের বিপরীতে দেওয়া গ্যারান্টির বিনিময়ে 'গ্রামীণ ব্যবসা বিকাশ' ১ শতাংশ হারে সার্ভিস চার্জ পেয়ে থাকে। গ্রামীণ ব্যাংকের আর্থিক সহায়তা ও তত্ত্বাবধানে সৃষ্ট প্রতিষ্ঠান হওয়ায় গ্রামীণ ব্যবসা বিকাশকে ১ শতাংশ হারে সার্ভিস চার্জ দেওয়া বিষয়টি গ্রামীণ ব্যাংক থেকে অর্থ স্থানান্তরের শামিল।
"গ্রামীণ শক্তির পক্ষে গ্রামীণ ব্যাংক ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনকে ৭ দশমিক ৫০ লাখ ডলার ঋণের বিপরীতে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি প্রদান করে। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী অন্য কোনো প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে গ্যারান্টি প্রদান করা গ্রামীণ ব্যাংকের এখতিয়ার বহির্ভূত।"
গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।
ওই প্রামাণ্যচিত্রের ভিত্তিতে বাংলাদেশে প্রথম সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পরবর্তীতে বিষয়টি দেশ বিদেশের গণমাধ্যমসহ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন। এরপরই গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার এ কমিটি গঠন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মনোওয়ার উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, সাবেক ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সৈয়দা রোকিয়া দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রাক্তন অধ্যাপক আর এম দেবনাথ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ আইটি পার্কের কাছ থেকে গ্রামীণ ব্যাংকের বকেয়া পাওনার ২ দশমিক ৪৫ কোটি টাকা মওকুফ করে ব্যাংকের স্বার্থ ক্ষুণ
bdnews24