২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের মায়ের মামলা নিতে এখনো গড়িমসি

ঝালকাঠিতে লিমন হোসেনের মায়ের অভিযোগটি মামলা হিসেবে না নিয়ে এর তদন্ত র‌্যাবের দুটি মামলার সঙ্গে করতে চেয়েও আদালতের অনুমতি পায়নি রাজাপুর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

বরিশাল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠিতে লিমন হোসেনের মায়ের অভিযোগটি মামলা হিসেবে না নিয়ে এর তদন্ত র‌্যাবের দুটি মামলার সঙ্গে করতে চেয়েও আদালতের অনুমতি পায়নি রাজাপুর থানা পুলিশ। সোমবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহানের আদালতে এ আবেদন করেন র‌্যাবের দুই মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম। আদালত তার এ আবেদন নাকচ করে দেয়। এর আগে রোববার বিকালে একই আদালত লিমনের মায়ের অভিযোগ ৪৮ ঘণ্টার মধ্যে মামলা হিসেবে গ্রহণ করার জন্য আদেশ দেন। এর আগে ১০ এপ্রিল এই আদালত লিমনের মা হেনুয়ারা বেগমের আবেদনের প্রেক্ষিতে নালিশি অভিযোগটি থানায় মামলা হিসেবে নেওয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু ১৫ দিনেও রাজাপুর থানা পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত না করায় হেনুয়ারা বেগম বিষয়টি রোববার লিখিতভাবে আদালতের নজরে আনেন। আবেদনে তিনি তার অভিযোগ রাজাপুর থানায় মামলা হিসাবে নথিভুক্ত করার এবং নথিভুক্ত করার পর তা আদালতকে অবহিত করার আদেশ দেওয়ার আর্জি জানান। তার এই আবেদনের প্রেক্ষিতে রোববার আদালত ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করে তা আদালতকে অবহিত করার আদেশ দেয়। আদালতের এই আদেশের কপি পুলিশ সুপারিনটেনডেন্টকে দেওয়ারও আদেশ দেওয়া হয়। রাজাপুর থানার এসআই আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হেনুয়ারা বেগমের অভিযোগ মামলা হিসাবে না নিয়ে তার তদন্ত র‌্যাবের দায়ের করা দুই মামলার তদন্তের সময় একই সঙ্গে করার আদেশ প্রার্থনা করে সোমবার একই আদালতে আবেদন জানানো হয়।" তিনি জানান, কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে আদালতে এ আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা নাকচ করে দিয়েছেন। এসআই আরিফুল ইসলাম জানান, রাজাপুর থানায় লিমনের বিরুদ্ধে র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমান দু'টি মামলা করেছেন। এর একটি অস্ত্র আইনে এবং অপরটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। হেনুয়ারা বেগমের আইনজীবী মানিক আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগে হেনুয়ারা বেগম গত ১০ এপ্রিল র‌্যাব-৮ এর ডিএডি লুৎফর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন।" গত ২৩ মার্চ রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাসিন্দা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র লিমন হোসেনের বাম পায়ে গুলি করে র‌্যাব। এর ফলে তার বাম পা কেটে ফেলতে হয়েছে। লিমন এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/২১৩৭ ঘ.