সিলেট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে থানাবাজারে ভূমি অফিসের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ, ইয়ং স্টার ক্লাব ও সচেতন এলাকাবাসী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা।
তিনি বলেন, "কোম্পানীগঞ্জে এসে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ইউএনও আমিনুল ইসলাম। গত ১৬ মাসে ইউএনও শত শত অনিয়মের জন্ম দিয়েছেন। সরকার বঞ্চিত হয়েছে কোটি কোটি টাকার রাজস্ব থেকে।"
ফাতেমা বলেন, "এসব ঘটনার প্রতিবাদ করা হয়েছে বারবার। কিন্তু তিনি কোনোভাবেই নিজেকে সংশোধন করেননি। পরবর্তীতে ইউএনও'র যাবতীয় অপকর্ম বিষয়ে সরকারের উর্ধ্বতন মহলে অভিযোগ দেওয়া হয়।"
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বজলু পাঠান, দপ্তর সম্পাদক আবদুন নূর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, উপজেলা যুবদল সভাপতি আলী আকবর, কৃষক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও থানাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
সমাবেশ শেষে ইউএনও'র কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১৯ ঘ.
bdnews24