২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগ এনে চউক চেয়ারম্যানের অপসারণ দাবি

'অনিয়ম-দুর্নীতির' অভিযোগ এনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) চেয়ারম্যান আবদুচ ছালামের অপসারণ দাবি করেছে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অনিয়ম-দুর্নীতির' অভিযোগ এনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) চেয়ারম্যান আবদুচ ছালামের অপসারণ দাবি করেছে একটি সংগঠন। সোমবার বিকালে 'চট্টগ্রাম উন্নয়ন পরিষদ' চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। আবদুচ ছালামের অপসারণ দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২৮ এপ্রিল চউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগের দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম কফিল উদ্দিন। লিখিত বক্তব্যে চউক চেয়ারম্যানের বিরুদ্ধে আবাসিক এলাকার প্লট বরাদ্দ, শাহ আমানত সেতু সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের তহবিল তসরুফ, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নিয়ম অমান্যসহ একাধিক অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অন্যান্য আবাসিক প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ওই প্রকল্পে প্লট না দিয়ে চউক চেয়ারম্যান নিজের আত্মীয় স্বজনদের প্লট বরাদ্দ দিচ্ছেন। অথচ যারা প্রকল্পের জন্য জমি দিয়েছেন তাদের কাছ থেকে টাকাও নেয়া হয়েছে। ২০০৬ সালে পাঁচলাইশ থানাধীন অক্সিজেন এলাকায় 'অনন্যা আবাসিক এলাকা' গড়ে তোলার সিদ্ধান্ত নেয় চউক। ২০০৮ সালে ওই এলাকার পাঁচশ' জন লোকের কাছ থেকে ভূমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ৩১০ জন ভূমি মালিক প্লটের জন্য আবেদন করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। "তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত কাউকেই প্লট বুঝিয়ে দেওয়া হয়নি", অভিযোগ করেন কফিল উদ্দিন। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ২০১০ সালের অক্টোবরে আবেদনকারীরা প্লটের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। তখন চউক চেয়ারম্যান তিন মাসের মধ্যে প্লট বুঝিয়ে দেয়ার আশ্বাস দিলেও তা করা হয়নি। লিখিত বক্তব্যে বলা হয়, অনন্যা আবাসিক এলাকার নকশায় তিন পর্যায়ে মোট এক হাজার পাঁচশটি প্লট করার কথা থাকলেও আবদুচ ছালাম এতে এক হাজার ৭৭৭ টি প্লট তৈরি করেন। পাঁচ কাঠা, চার কাঠা এং তিন কাঠা প্লটের কথা নকশায় উল্লেখ থাকলেও পাঁচ কাঠার প্লটগুলোকে আড়াই কাঠা করে প্লটের সংখ্যা বাড়ানো হয়েছে বলে দাবি করেন কফিল উদ্দিন। চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি অভিযোগ করেন, "প্লটগুলো চউক চেয়ারম্যান আত্মীয়-স্বজনদের বরাদ্দ দিয়েছিলেন। আর তারা এসব প্লট ১০ থেকে ১২ লাখ টাকা বাড়িয়ে বিক্রি করছেন।" সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহা আলম হাওলাদার, জাতীয় পার্টি (এরশাদ) বন্দর থানা সভাপতি গোলাম কিবরিয়া, অনন্যা আবাসিক এলাকার ক্ষতিগ্রস্ত ধানী জমি রক্ষা কমিটির সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২০০০ ঘ.