মানিকগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মজলিশপুর গ্রামে রোববার সন্ধ্যায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় সিঙ্গাইর থানায় মেয়েটির বাবা একটি মামলা করেছেন।
ছয় বছরের ওই শিশুটি মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ভীত সন্ত্রস্ত মেয়েটিকে গভীর রাতে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির স্বজনরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির উঠোনে খেলা করার সময় প্রতিবেশী কোহিনুর ইসলাম (৪০) তাকে পাশের একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আওয়াল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটিকে পরীক্ষা করে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে, ধর্ষণের চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সিঙ্গাইর থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোহিনুর ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24