২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ছাড়াই বসলো সংসদীয় কমিটি

খালেদা জিয়া না গেলেও নির্ধারিত সময়ে বৈঠকে বসেছেন সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা। এদিকে প্রধানমন্ত্রীর ঢাকার বাইরে কর্মসূচি থাকায় তার সঙ্গে বৈঠকের সময় মঙ্গলবারের পরিবর্তে বুধবার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া না গেলেও নির্ধারিত সময়ে বৈঠকে বসেছেন সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা। এদিকে প্রধানমন্ত্রীর ঢাকার বাইরে কর্মসূচি থাকায় তার সঙ্গে বৈঠকের সময় মঙ্গলবারের পরিবর্তে বুধবার করা হয়েছে। সংবিধান সংশোধন নিয়ে ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিন সোমবার সরকারি দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে কমিটি। সকাল ১১টায় বিরোধীদলীয় নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। কিন্তু বৈঠকে যেতে অসম্মতি জানিয়ে সকালে তিনি কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে চিঠি পাঠিয়েছেন। সকাল সোয়া ১১টায় সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে বসার আগে সংসদীয় কমিটির সদস্য হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "তিনি (খালেদা) একটি চিঠি পাঠিয়েছেন। তা আমরা পর্যালোচনা করে দেখবো। এরপরই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।" খালেদার পর বাংলাদেশের জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের সঙ্গে কমিটির বৈঠকের কথা রয়েছে। তবে বিএনপির মিত্র দলের এ নেতাও যাবেন না বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে বিকালে অন্যদলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন সংসদীয় কমিটির সদস্য ও জাতীয় পার্টি নেতা আনিসুল ইসলাম মাহমুদ। ওই দলগুলো হলো- জাতীয় পার্টি-জাপা (এইচএম এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (হাসানুল হক ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (রাশেদ খান মেনন), লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (অলি আহমদ), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (আমেনা আহমেদ) ও গণতন্ত্রী পার্টি (রুবী রহমান)। এদিকে সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব ওমর ফারুক সাংবাদিকদের জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সকাল ১১টায় আলোচনার কথা থাকলেও তা পিছিয়ে বুধবার করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে যাচ্ছেন। আইনজ্ঞদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রোববার ধারাবাহিক বৈঠক শুরু করে সংসদীয় কমিটি। প্রথম দিনের আলোচনায় অধিকাংশ আইনজ্ঞ তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের পদে সদ্যসাবেক প্রধান বিচারপতিকে না রাখার বিধান করার পক্ষে মত দেন। ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের পরামর্শও এসেছে। সংবিধান সংশোধনে গত বছরের ২১ জুলাই সাজেদাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুুল মতিন খসরু, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ হাছান মাহমুদ ও শিরিন শারমিন চৌধুরী। এ পর্যন্ত কমিটি সদস্যরা ১৬টি বৈঠক করেন। বিশেষ কমিটির অগ্রগতি জানাতে গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কমিটির সদস্যরা। এরপরই সব দলের মতামত নিতে তিনদিনব্যাপী আলোচনার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১৪৫ ঘ.


এ সম্পর্কিত আরো খবর