২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে যাচ্ছেন না খালেদা

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিকে পাঠানো এক চিঠিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এ বিষয়ে কমিটির বৈঠক অর্থবহ হবে না বলেই মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন না বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তার প্রেসসচিব মারুফ কামাল খান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে বিশেষ কমিটির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছেন ম্যাডাম।" বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনার জন্য সোমবার সকাল ১১টায় সময় দিয়েছিলো বিশেষ কমিটি। গত ২০ এপ্রিল কমিটির পক্ষ থেকে খালেদাকে চিঠি দিয়ে এই সময় জানানো হয়। মারুফ কামাল খান জানান, সোমবার বিকাল ৫টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করবেন। বিশেষ কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে লেখা ওই চিঠিতে খালেদা জিয়া বলেছেন, সংবিধান নিয়ে সরকারের অবস্থার স্পষ্ট নয়। ফলে বিশেষ কমিটির সভাও অর্থবহ হবে না। চিঠিতে এর ৫টি কারণও উল্লেখ করেছেন তিনি। মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ সংসদ উপনেতার একান্ত সচিবের কাছে চিঠি পৌঁছে দিতে গিয়েছিলেন। কিন্তু রাতে সেটি গ্রহণ করা হয়নি। সোমবার সকালে সংসদের কার্যালয়ে তা পৌঁছে দিতে বলা হয়েছে।" সালেহ সোমবার সকালে ওই চিঠি সংসদ উপনেতার একান্ত সচিবের কাছে পৌঁছে দেন। চিঠির প্রাপ্তিস্বীকার করে সংসদ উপনেতার একান্ত সচিব মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "বিরোধীদলীয় নেতা চিঠি দিয়েছেন, তা সংসদ উপনেতাকে দেওয়া হবে।" খালেদা যে বিশেষ কমিটির বৈঠকে যাবেন না তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বিভিন্ন অনুষ্ঠানে বৈঠকে না যাওয়ার পক্ষে কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা নিজেও কয়েকদিন আগে সাংবাদিকদের বলেন, সরকার তার ইচ্ছা অনুযায়ী সংবিধান পরিবর্তন করতে চায়। সংসদীয় কমিটির চিঠি পাওয়ার পর বুধবার রাতে পরামর্শ নিতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। বিশেষ কমিটিকে পাঠানো চিঠিতে খালেদা জিয়া অভিযোগ করেছেন, সংসদকে পাশ কাটিয়ে খসড়া সংবিধান মুদ্রণের মাধ্যমে সংবিধানের ১৪২ ধারা লঙ্ঘন করা হয়েছে। সংসদ উপনেতা ও বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী বিরোধী দলীয় নেতাকে বৈঠকের যে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, তার সঙ্গে সংবিধানের কার্যপত্র এবং ১০ ফেব্র"য়ারি মুদ্রণ করা সংবিধানের গেজেট নেটিফিকেশনের কপি সংযুক্ত করা হয়নি বলেও চিঠিতে উল্লেখ করেছেন খালেদা। মুদ্রিত সংবিধানের বিষয়ে আইনমন্ত্রী ও বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্তর 'পরস্পরবিরোধী বক্তব্য' তুলে ধরে বিএনপি চেয়ারপারসন চিঠিতে বলেছেন, "সংবিধান নিয়ে সরকারের পরস্পরবিরোধী ও সাংঘর্ষিক বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সংবিধান সংশোধনের বিষয়ে সরকারের অবস্থান জনগণ জানে না। এ কারণে এ সভা অর্থবহ হবে না।" রোববার আইনজ্ঞদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংসদীয় বিশেষ কমিটি তাদের তিন দিনের এই ধারাবাহিক বৈঠক শুরু করেছে। মঙ্গলবার শেষ দিনে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসবে তারা। গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়। সরকারি দলের আহ্বান সত্ত্বেও কমিটিতে প্রতিনিধি দেয়নি বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমআই/১০২০ ঘ.