২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ভাস্কর শ্যামল চৌধুরী লাঞ্ছিত, দরপত্র ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যাদুঘরের একটি দরপত্র জমা দিতে গিয়ে দুর্বৃত্তের হাতে লাঞ্ছিত হয়েছেন শিল্পী শ্যামল চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যাদুঘরের একটি দরপত্র জমা দিতে গিয়ে দুর্বৃত্তের হাতে লাঞ্ছিত হয়েছেন শিল্পী শ্যামল চৌধুরী। দুর্বৃত্তরা এ সময় তার কাছে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দু'টি নমুনা ভাস্কর্য ভাংচুর করে এবং দরপত্র ও দুই লাখ ২০ হাজার টাকার পে অর্ডার ছিনিয়ে নেয়। রোববার দুপুরে সোনারগাঁও উপজেলার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যাদুঘর সংলগ্ন পানাম নগরীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফাউন্ডেশন পরিচালক কবি রবীন্দ্র গোপ তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কার্যালয় জানায়, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের শিল্পাচার্য জয়নুল আবেদীন যাদুঘরের ভেতরে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের জন্য গত ২৮ মার্চ দরপত্র আহবান করা হয়। রোববার ছিল দরপত্র জমা দেওয়ার শেষদিন। দরপত্রের সঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নমুনাও জমা দিতে বলা হয়েছিল। ভাস্কর্য শিল্পী শ্যামল চৌধুরী জানান, দুপুরে তিনি ঢাকা থেকে মাইক্রোবাসযোগে মাটির ও ফাইবারের তৈরি দু'টি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সোনারগাঁও আসেন। তার মাইক্রোবাসটি যাদুঘরের কাছে পানাম নগরীতে পৌঁছলে আরেকটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১১-৪৭১৩) আসা ৫-৭ দুর্বৃত্ত তার গাড়ি থামায়। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে লাঞ্ছিত করে। তার সঙ্গে থাকা মাটির ও ফাইবারের তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য দু'টি ভাংচুর করে। দরপত্রের কপি ও দুই লাখ বিশ হাজার টাকার পে অর্ডারের কপি ছিনিয়ে নেয়। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ গোপ বলেন, এটি একটি ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। তিনি এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর দু'টি নমুনা ভাস্কর্য ভাংচুর করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ওই ভাস্কর্য শিল্পী মামলা করতে রাজি হননি বলে পুলিশ বাদী হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৮ ঘ.