২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে দুই কানখানার অর্ধ কোটি টাকা জরিমানা

বুড়িগঙ্গা নদীর জায়গা দখল এবং বিষাক্ত বর্জ্যে নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে দুটি শিল্প প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 06:41 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- বুড়িগঙ্গা নদীর জায়গা দখল এবং বিষাক্ত বর্জ্যে নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে দুটি শিল্প প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শনিবার সকালে অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে এ অভিযান চালানো হয়। এ দু'টি শিল্প প্রতিষ্ঠান হলো- তানিয়া টেক্সটাইল মিল্স লিমিটেড ও ইউনিটি ডাইং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড। মুনীর চৌধুরী বলেন, "প্রতিষ্ঠান দুটিকে আগামী এক মাসের মধ্যে দখল ছেড়ে দেওয়া ও বর্জ্য পরিশোধনাগার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে প্রতিষ্ঠান দু'টি বন্ধ করে দেওয়া হবে।" তানিয়া টেক্সটাইলকে নদী দূষণের দায়ে ১২ দশমিক ২৮ লাখ টাকা ও নদী ভরাটের দায়ে ১১ লাখ টাকা এবং ইউনিটি ডাইংকে নদী দূষণের দায়ে ২৪ দশমিক ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানা দু'টিকে নদী দূষণ বন্ধে অবিলম্বে বর্জ্য শোধনের ব্যবস্থা (ইটিপি) করা এবং ডাইং কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রতিষ্ঠান দু'টির পরিবেশ ছাড়পত্র নেই এবং বর্জ্য পরিশোধনাগার ছাড়াই গত ১৩ বছর ধরে কারখানার অপরিশোধিত ও রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য বুড়িগঙ্গা নদীতে ফেলে নদী দূষণ করে আসছে। তাদেরকে ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হলেও তা করেনি। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকার উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ অফিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান টুকু ও র‌্যাব সদস্যরা অংশ নেন। মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তানিয়া টেক্সটাইল মিল্স লিমিটেড ও ইউনিটি ডাইং এন্ড গার্মেন্টস লিমিটেড বুড়িগঙ্গা নদীর ৭৫ হাজার বর্গফুট তীরভূমি অবৈধভাবে দখলে করে নিয়েছে। তারা সেখানে ৯০০ মেট্রিক টন ইট পাথর ফেলে নদী ভরাট করে। প্রতিদিন এই দু'টি কারখানায় ১০ মেট্রিক টন কাপড় রং করা হয়। তিনি আরো বলেন, এ দু'টি ডাইংয়ের বর্জ্য পরিশোধন ছাড়াই নদীতে ফেলা হয়। পরিবেশ অধিদপ্তর ওই স্থানে বুড়িগঙ্গা নদীর পানির রাসায়নিক পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পায় মাত্র ২ দশমিক ৭৮ মিলিগ্রাম। যা প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক কম। এটি জলজ প্রাণীসহ নদীর পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/সিএস/ডিডি/২৩৪৩ ঘ.