নাটোর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বছর থেকে ওদের বন্ধুত্ব। ওরা এক সঙ্গে পড়ালেখা করিছে। আমার বাড়িতে আইছে। আমি নিজে হাতে ওদের খাওয়াইছি। ওরা কী করি আমার ছ্যালিকে মারি ফেললো? আমার ছ্যালি কী অন্যায় করিছিলো?
এই আর্তনাদ বন্ধুদের হাতে নিহত নাটোরের ব্যবসায়ী মাহবুবের মা রিনা বেগমের।
শনিবার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সান্ত্বনা দিতে গেলে তার আহাজারিতে পরিবশে ভারি হয়ে ওঠে।
শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের পেছনের ড্রেন থেকে মাহবুবের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বন্ধু মেডিকেল কলেজ ছাত্র জ্যোতির্ময় সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব। এ হত্যা মামলায় অভিযুক্ত আরেক বন্ধু সাব্বির হোসেন পলাতক রয়েছে। তারা দু'জনই রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র।
নাটোরের লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের মকবুল হোসেন ও রিনা বেগমের ছেলে মাহবুব আলম রাসেল (২৪)।
শনিবার সকাল থেকে এলাকার বহু নারী-পুরুষ তাদের বাড়ি যান বাবা-মাকে সান্ত্বনা দিতে। কিন্তু কোনো সান্ত্বনার বাণী তারাও খুঁজে পাচ্ছেন না।
মকবুল হোসেন বলেন, "আমি ওদেরকে নিজের ছেলের মতো দেখেছি। তারা মাঝেমধ্যে ছেলের দোকানে আসতো। আমার সাধ্যমতো তাদের আপ্যায়ন করিছি। ওরা আমার এতবড় ক্ষতি করবি তা স্বপ্নেও ভাবিনি।
"গত ৪ এপ্রিল আমার সামনে থেকে সাব্বির ছেলেকে ঢাকা যাওয়ার কথা বলে দোকান থেকে ডেকে নিয়ে যায়। তখনো ভাবিনি আমার ছেলে আর কখনোই ফিরে আসবে না। এখন আমি কী বলে নিজেকে সান্ত্বনা দিবো।"
মাহবুবের বাবা ছেলের বিশ্বাসঘাতক বন্ধুদের বিচার দাবি করেন।
মাহবুবের স্ত্রী মণি বেগম স্বামীর মৃত্যুর খবর শোনার পর থেকে নাওয়া-খাওয়া ছেড়ে নির্বাক রয়েছেন দেড় বছরের একমাত্র সন্তান আরাফকে নিয়ে বুকে নিয়ে।
আব্দুলপুর বাজারের ব্যবসায়ী ওয়াহেদ আলী জানান, মাহবুবের দোকান তার দোকানের পাশেই। মাঝে মধ্যে দোকানে বন্ধুদের নিয়ে মাহবুবকে আড্ডা দিতে দেখেছেন। তবে ওরা যে খুনোখুনি করবে তা ভাবাও যায় না।
মাহবুবের বন্ধু জ্যোতির্ময় সরকারের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্যোতির্ময়ের সঙ্গে মাহবুবের বন্ধুত্ব অনেক পুরোনো। ওরা মাদাকাসক্ত হয়ে পড়েছিল। পরিবার থেকে জ্যোতির্ময়কে বারবার এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। কিন্তু সে নেশা ছাড়তে পারেনি।
জ্যোতির্ময়ের বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, গ্রেপ্তারের পর থেকে জ্যোতির্ময় খুব স্বাভাবিক রয়েছে। তাকে লালপুর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা বলেন, শুরু থেকে জ্যোতির্ময় তদন্তে সহযোগিতা করছে। স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করছে ও ঘুমাচ্ছে।
তবে মাহবুবকে হত্যার পর চারদিন তিনি খেতে কিংবা ঘুমাতে পারেনি বলে পুলিশকে জানিয়েছে।
জিজ্ঞাসাবাদে জ্যোতির্ময় পুলিশকে জানায়, মাদকাসক্ত হয়ে পড়ায় কিছুদিন ধরে তার টাকা পয়সার টানাটানি শুরু হয়। মাহবুবের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে তা ফেনসিডিল খেয়ে শেষ করে।
এছাড়া ওই টাকার জন্য তাকে প্রতিমাসে ১৫ হাজার টাকা সুদও দিতে হতো। এই ঋণ পরিশোধ করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না।
তাই নিরুপায় হয়ে মাহবুবকে হত্যার পরিকল্পনা করে।
হত্যার পর তার লাশ খুব সতর্কভাবে লুকিয়ে রেখেছিলো। তারা লাশের কঙ্কাল বিক্রি করার পরিকল্পনাও করেছিলো বলে পুলিশকে জানায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম বলেন, সাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশা করেন।
মাহবুব নিখোঁজ হওয়ার পর গত ১৫ এপ্রিল জ্যোতির্ময় সরকার ও সাব্বিরকে আসামি করে লালপুর থানায় মাহবুবের বাবা একটি মামলা দায়ের করেন।
গত ৪ এপ্রিল লালপুরের আব্দুলপুর বাজারের ব্যবসায়ী মাহবুব আলম ওরফে রাসেলকে বন্ধু সাব্বির ঢাকা যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। র্যাব ও পুলিশ গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে জ্যোতির্ময় সরকারকে গ্রেপ্তার করে। তার দেখানো স্থান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের পেছনের একটি ড্রেন থেকে মাহবুবের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ১০টায় জানাজা শেষে গ্রামের বাড়িতে মাহবুবের লাশ দাফন করা হয়েছে। লালপুর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ এলাকার শতশত মানুষ জানাজায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.
bdnews24