ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশি দেশগুলো যেন দেশের বন্দর ব্যবহার করতে পারে সে লক্ষ্যে সরকার একটি সমন্বিত ট্রানজিট কৌশল তৈরি করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শনিবার সাংবাদিকদের বলেন, চূড়ান্ত কৌশল তৈরি না হওয়া পর্যন্ত ট্রানজিট ইস্যুতে আমরা ধীরে ধীরে কিছু করতে চাই না। এক্ষেত্রে ভারতকে অপেক্ষা করতে হবে।
তিনি জানান, গতবছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় গৃহীত যৌথঘোষণা বাস্তবায়ন বিষয়ে বৈঠকে আলাপ হয়।
সফররত ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড অব ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে জানিয়ে দীপু মনি বলেন,
"অনুমোদন অনুযায়ী ভারতের কোনো পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই বাংলাদেশ থেকে ১৫ ধরনের পণ্য রপ্তানি যাবে।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দীপু মনি বাংলাদেশের জন্য ট্রানজিট চেয়েছেন যাতে করে বাংলাদেশি পণ্য ভারতের ভেতর দিয়ে নেপাল ও ভুটানে পাঠানো সম্ভব হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২৩২১ ঘ.
bdnews24