ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় বাংলাদেশ।
শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে এক বৈঠকের পর খাদ্য মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আমরা থাইল্যান্ড ও ভিয়েতনামের সঙ্গে সরকারি পর্যায়ে খাদ্যশস্য আমদানির ব্যাপারে চুক্তি করেছি, ভারতের সাথেও এ ধরনের চুক্তি করতে চাই"
রাজ্জাক বলেন, ভারত থেকে ৩ লাখ টন চাল ও ২ লাখ টন গম রপ্তানিতে আর কোন বাঁধা নেই বলে আনন্দ শর্মা তাকে জানিয়েছেন।
আনন্দ শর্মা জানিয়েছেন, ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে খাদ্য রপ্তানির বিরুদ্ধে মামলা করেছিল। তবে আদালতের আদেশ ভারত সরকারের পক্ষেই গেছে।
রাজ্জাক বলেন, "তিনি (আনন্দ শর্মা) জানিয়েছেন, যখনই আমাদের প্রয়োজন তখনই খাদ্যপণ্য পাঠাতে তারা প্রস্তুত আছে।"
অবশ্য বোরো ফসল ওঠা শুরু করায় এই মুহূর্তে ভারত থেকে খাদ্য কেনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
তিনি জানান, ভারত থেকে খাদ্যপণ্য কেনা হলে তার দাম আর্ন্তজাতিক দর অনুযায়ী নির্ধারণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/জেকে/২০৫৪ ঘ.
bdnews24