ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সঙ্গে সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ ও সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের তিনদিনব্যাপি আলোচনা রোববার শুরু হচ্ছে।
শনিবার বিশেষ কমিটির সচিব একে মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে বিশেষ কমিটির এ বৈঠক শুরু হবে।
"সকাল ১১টায় সাবেক প্রধান বিচারপতি, আইনবিদ ও সংবিধান প্রণয়নে জড়িতদের মতামত নেবে বিশেষ কমিটি।"
রোববার বৈঠকে আসতে ১৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, "একটানা তাদের সঙ্গে বৈঠক করবে কমিটি। এক্ষেত্রে সময় লাগলে বিকাল পর্যন্ত গড়াবে বৈঠক।"
সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, এরপর বাংলাদেশের জাতীয় পার্টি-বিজেপির আন্দালিভ রহমান এবং বিকাল ৪টায় জাপাসহ সংসদে প্রতিনিধিত্বকারী অন্যদের সঙ্গে বৈঠকে বসবে বিশেষ কমিটি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বৈঠকে এসে মতামত দিতে জানানো হয়েছে।
বুধবার সংসদ সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব ও বিশেষ কমিটির সচিব মোহাম্মদ হোসেন, বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সচিব মোস্তফা কামাল ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারি ওমর ফারুক সংশ্লিষ্টদের কাছে এসব চিঠি পৌঁছে দেন।
রোববার আমন্ত্রিত আইনজ্ঞরা
রোববারের বৈঠকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন, পাঁচ সাবেক প্রধান বিচারপতি- কামাল উদ্দিন হোসেন, মোস্তফা কামাল, মুহাম্মদ হাবিবুর রহমান, মো. ফজলুল করিম ও মো. তাফাজ্জাল ইসলাম।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন ও সদস্য ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।
আইনজ্ঞদের তালিকায় রয়েছেন টিএইচ খান, সৈয়দ আমিরুল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ, রফিক উল হক, এম জহির, মাহমুদুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আজমলুল হোসেন কিউসি, তৌফিক নেওয়াজ ও ফজলে নূর তাপস।
গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়।
কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুুল মতিন খসরু, হাসানুল হক ইনু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ হাছান মাহমুদ ও শিরিন শারমিন চৌধুরী।
এ পর্যন্ত কমিটি সদস্যরা ১৬টি বৈঠক করেন। বিশেষ কমিটির অগ্রগতি জানাতে গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কমিটির সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৯ ঘ.
bdnews24