২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলন, সংঘর্ষে আহত ১০

জেলার চিলমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

কুড়িগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার চিলমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা ঘাট এলাকায় এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চিলমারী থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি প্রভাবশালী চত্র" ব্রহ্মপুত্রের রমনা ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী চিলমারী বন্দর এবং পার্শ্ববর্তী টোন গ্রাম। শনিবার সকালে টোন গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়।" আহতদের মধ্যে রয়েছেন হারুন (৩২), মনজু (৩০), গামা (৩৫), জলিল (৫৫), মিঠু (২৭), জমিলা (৩০), মিঠুন (২৫) ও জিয়ারা বেগম (৩৪)। অপর দুজনের নাম জানা যায়নি। হারুনকে চিলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করে দীর্ঘ দিনেও কোন প্রতিকার পায়নি গ্রামবাসী। আগামী বন্যায় এ অঞ্চল ব্রহ্মপুত্র নদে বিলীন হওয়ার আশঙ্কায় শনিবার সকালে গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দেয়। এসআই জিয়া জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৫৫৫ ঘ.