২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময় কাটবে: তারেক

জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে বিবৃতি পাঠিয়ে নেতা-কর্মীদের আশার কথা শুনিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে বিবৃতি পাঠিয়ে নেতা-কর্মীদের আশার কথা শুনিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এক ডজন মামলা নিয়ে লন্ডনে অবস্থানরত তারেক বিবৃতিতে বলেন, "আমি দূর থেকে আপনাদের কঠিন সংগ্রামের কথা ভেবে আলোড়িত ও আন্দেলিত হই। আমি সাহসে উদ্দীপ্ত হয়ে ভাবি, এ দুঃসময় কেটে যাবে বীর জনগণের দুর্জয় সংগ্রামে।" শনিবার গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে কমিটির ওই সভায় লিখিত বিবৃতিটি পড়ে শোনান খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান। তারেকের বিবৃতি পড়ে শোনানোর সময় পুরো সভাস্থলে ছিলো পিনপতন নীরবতা। খালেদা নিজেও ছিলেন সভায়। তারেক বলেন, "জনগণের দুর্জয় সংগ্রামের নতুন সূর্যোদয়ের প্রত্যাশায় আমরা সবাই গভীর অমানিসার প্রহর যাপন করছি। সংগ্রামের প্রস্তুতি ও পথ নিদর্শনায় এ সভা সফল হোক।" যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমরুদ্দিন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে তারেক বলেন, "লন্ডনে তিনি আমার পরম সুহৃদ। তার অকস্মাৎ মৃত্যু আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো।" দলের এ বৈঠকে উপস্থিত থাকতে না পেরে হতাশার সুরও ছিলো তারেকের বক্তব্যে। তিনি সভার সফলতা কামনা করেন। ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান খালেদার বড় ছেলে তারেক। তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৩টি মামলা হয়। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক গ্রেপ্তার হয়েছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সরকার ও প্রশাসনের ওপর তারেকের ব্যাপক হস্তক্ষেপ ছিলো বলে আওয়ামী লীগসহ ওই সময়ের অন্য বিরোধী দলগুলোর অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২৫ ঘ.