২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল থানায় মৃত্যু: মামলা, গ্রেপ্তার ২ পুলিশ

টাঙ্গাইল মডেল থানায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে আসামি মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

টাঙ্গাইল, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল মডেল থানায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে আসামি মামলা হয়েছে আদালতে। জেলা বিচার বিভাগীয় হাকিম আদালতে শুক্রবার বিকালে মামলাটি দায়ের করেন নিহতের বড়ভাই মো. ইকবাল হোসেন রাসেল। দুই আসামি উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মো. শাহজাহানকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, শহরের মাতৃসদন হাসপাতালের পাশের আদন মেডিক্যাল হল থেকে গত বুধবার সকালে বাদীর ছোটভাই মনিরুজ্জামান রুবেল ও ক্রেতা শরীফুল ইসলামকে উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন থানায় নিয়ে যান। উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেনের হারানো মোটরসাইকেলের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলা হলেও রুবেলের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। বৃহস্পতিবার সকালে জানতে পারেন জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গেলে চিকিৎসক জানান, রুবেলকে মৃত অবস্থায় পুলিশ হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। টাঙ্গাইল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ ওবায়দুর রহমান মামলাটি তদন্ত করছেন। বিকালে দুই আসামিকে হাতকড়া পড়ানো ছাড়া আদালতে নেওয়া হয়। হত্যা মামলার আসামিকে হাতকড়া ছাড়া আদালতে আনা হয়েছে কেন জিজ্ঞেস করলে তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের কোনো জবাব দেননি। এদিকে বৃহস্পতিবার রাতে শহরের বেপারীপাড়া ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে মনিরুজ্জামান রুবেলকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। ওইদিন বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের উপস্থিতিতে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় স্বজনরা লাশ নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৩ ঘ.