চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজভাঙা শিল্প শ্রমিকদের জন্য পৃথক মজুরি কাঠামো গঠন করা হবে। এ শিল্পের শ্রমিকদের জন্য যে বিধিমালা করা হচ্ছে তাতে বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম।
শুক্রবার দুপুরে সংসদীয় কমিটির অন্যান্য সদস্যসহ সীতাকুণ্ডের বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ইসরাফিল বলেন, "জাহাজভাঙা শ্রমিকদের স্বাস্থ্য ও স্বার্থ, পরিবেশগত দিক বিবেচনা করে বিধিমালায় অন্তর্ভুক্ত করার জন্য আগামী ১৫ দিনের মধ্যে একটি সুপারিশমালা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে জাহাজভাঙা শিল্পের জন্য বিধিমালা প্রণয়ন হবে।"
"বিধিমালায় জাহাজভাঙা শিল্প শ্রমিকদের জন্য পৃথক মজুরি কাঠামো গঠনের বিষয়টিও থাকবে।"
দীর্ঘদিন ধরেই জাহাজভাঙা শিল্প শ্রমিকরা তাদের জন্য পৃথক মজুরি কাঠামো গঠনের দাবি জানিয়ে আসছে। বর্তমানে এ খাতে যুক্ত শ্রমিকরা দৈনিক মজুরি চুক্তিতে কাজ করছেন।
স্থায়ী কমিটির সভাপতি জানান, সীতাকুণ্ড উপকূল জুড়ে ১২৫টি পুরনো জাহাজ ভাঙার ইয়ার্ড থাকলেও পরিবেশ ছাড়পত্র পেয়েছে ৬০টি। উচ্চ আদালতে মামলা থাকায় বর্তমানে মাত্র ১২টি ইয়ার্ড চালু আছে।
স্থায়ী কমিটির সদস্যরা মাবিয়া শিপব্রেকিং ইয়ার্ড, সিকো স্টিল, এস এম করপোরেশনসহ সীতাকুণ্ডের উপকূলীয় অঞ্চল জুড়ে গড়ে ওঠা ১৩টি ইয়ার্ড পরিদর্শন করেন।
এসময় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সংসদীয় কমিটির সদস্য ননী গোপাল মণ্ডল, জাকির হোসেন, স্থানীয় সাংসদ আবুল কাশেম মাস্টার, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজতুর রহমান, সাবেক সভাপতি জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এএল/১৬৪৭ ঘ.
bdnews24