২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থগিত ১৫ ইউপিতে শনিবার ভোট

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে স্থগিত রাখা ১১ ইউপির ১১টি কেন্দ্রে ও চার ইউপির সব কেন্দ্রে শনিবার পুনরায় ভোটগ্রহণ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে স্থগিত রাখা ১১ ইউপির ১১টি কেন্দ্রে ও চার ইউপির সব কেন্দ্রে শনিবার পুনরায় ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল বাতেন (পল্লী) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে জানান, আইনি জটিলতা ও নির্বাচনী সহিংসতার কারণে এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী, পাথারঘাটা, চরদুয়ানী ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউপির সব ওয়ার্ডে নির্বাচন হবে। টেকনাফ জেলার অপর ইউনিয়ন হ্নীলায় পুনরায় ভোটের তারিখ ২৬ এপ্রিলের মধ্যে নির্ধারণ করা হবে বলে জানান তিনি। 'আগাম পোস্টার অপসারণ' ইউনিয়ন পরিষদের শেষ পর্বের নির্বাচন (ইউপি) সামনে আগাম প্রচারণামূলক পোস্টার-ব্যানার অপসারণের বেঁধে দেওয়া সময়সীমা শুক্রবার শেষ হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা গত মঙ্গলবার তফসিল ঘোষণার সময় জানান, এই সময়সীমা শেষ হওয়ার পর আগাম প্রচারণামূলক পোস্টার-ব্যানার পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসির নিজস্ব কর্মকর্তারা মাঠ পর্যায়ে এ ধরনের আচরণবিধি লঘনের বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন বলেও উল্লেখ করেন তিনি। আগামী ৩১ মে থেকে ৫ জুলাই ৪১৪টি উপজেলার ৩৮১৩ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ মে থেকে ৯ জুন মনোনয়নপত্র দাখিল করা যাবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ করে দিতেই এ পোস্টার-ব্যানারের ওপর কড়াকড়ি করা হয়ে হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর থেকে ভোটের জন্য প্রচার শুরু করতে হবে; এর আগে নয়। সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে সিইসি মঙ্গলবার বলেন, "তিন দিনের মধ্যে সব ধরনের প্রচারণামূলক পোস্টার ব্যানার তুলে ফেলবেন আপনারা। এরপরও যদি কারো নামে কিছু পাওয়া যায়, ইসির কর্মকর্তারা ভিডিও চিত্রের মাধ্যমে তা ধারণ করবেন। প্রার্থী হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১২৪৩ ঘ.