ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক বাড়ির তত্ত্বাবধায়ককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের নাম মোহাম্মদ কাউসার (৫০)। বুধবার প্রথম প্রহরে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউসার দক্ষিণ কেরানীগঞ্জের নজরুল ইসলামের বাড়ির কেয়ারটেকার।
ওই বাড়িতে একটি প্রাচীর নির্মাণের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, রাজমিস্ত্রিদের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন জন রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে বলে ওসি জানান। তারা হলেন- রিয়াজ, জাফর ও জাকির।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০০০ ঘ.
bdnews24