চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবি পূরণ না হলে মিটারে সিএনজি অটোরিকশা চলাচল বাধ্যতামূলকে সিএমপির সিদ্ধান্ত মানবে না বলে জানিয়েছে অটোরিকশনা মালিকরা।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন 'চট্টগ্রাম অটোরিকশা, অটোটেম্পু, ফোরস্ট্রোক ও সিএনজি মালিক সমিতি'র নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আবুল কাশেম সরকার বলেন, ২০০৭ সাল থেকে যেসব মিটার সংযোজন করা হয়েছে তার অধিকাংশই নিম্নমানের। অতীতে মিটার সংযোজনকারী ১৩ প্রতিষ্ঠানের আটটিই বর্তমানে লাপাত্তা।
"মাত্র পাঁচটি প্রতিষ্ঠান বর্তমানে নতুন ভাড়া সংযোজনের (ক্যালিব্রেশন) কাজ করছে। তাদের পক্ষে নির্ধারিত সময়ে ১৩ হাজার সিএনজি অটোরিকশার ক্যালিব্রেশন করা সম্ভব নয়।"
২৫ এপ্রিল থেকে নগরীতে মিটারে সিএনজি চলাচল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।
এ লক্ষ্যে ২৪ এপ্রিলের মধ্যে মিটারে নতুন ভাড়া সংযোজনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ মাসে তিন দফায় সিএনজি অটোরিকশার মালিক, চালক, বিআরটিএ ও মিটার সংযোজনকারী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করে ট্রাফিক বিভাগ।
মালিক সমিতি নিুমানের মিটারের বদলে বিনামূল্যে নতুন মিটার সরবরাহ, নিম্নমানের মিটার বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, খোলা বাজারে মিটার বিক্রির ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে।
আপত্তি থাকলে কেন তারা ২৫ এপ্রিলের সময়সীমা মেনে নিলেন- এর জাবে আবুল কাশেম দাবি করেন, তাদের আপত্তি না শুনেই প্রশাসন জোরপূর্বক মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করতে চাইছে।
দাবি মানা না হলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০৪৯ ঘ.
bdnews24