২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়কাটা: চীনা প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে চীনা এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে চীনা এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিনো হাইড্রো কোম্পানি নামের প্রতিষ্ঠানটি এ জরিমানার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। মঙ্গলবার দুপুুরে সিনো হাইড্রোর প্রতিনিধি প্রকৌশলী উ'কে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে তলব করে জরিমানা দেওয়ার নির্দেশ দেন মুনীর চৌধুরী। ক্ষতিপূরণ আদায়ের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকেও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অধিদপ্তর চীনা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট এসআর এন্টারপ্রাইজের মালিক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় কাটার মামলা করার অনুমতিও দিয়েছে। মুনীর চৌধুরী জানান, মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন এবং জাতীয় গ্রিড লাইনের টাওয়ারের অবস্থান ঝুঁকিপূর্ণ করার অভিযোগে এ ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। "চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি পাহাড় কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য চার লেইনের জন্য মাটি ভরাট না করার অঙ্গীকার করেছেন। এ ছাড়া পাহাড় কাটায় যুক্ত স্থানীয় ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার অঙ্গীকারও করেছে।" মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার পাহাড় কেটে মাটি সংগ্রহ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনের মাটি ভরাটের কাজ করছিল সিনো হাইড্রো কোম্পানি লিমিটেড। মাটি কাটার অপরাধে সিনো হাইড্রো কোম্পানির পাঁচটি মাটিবাহী ট্রাক, একটি খনন যন্ত্র, একটি পাম্প মেশিন, কেটে রাখা গাছ ও হ্যালোজেন বাতি জব্দ করা হয় সোমবার। একইসঙ্গে সমীর চন্দ্র নাথ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি পাহাড় কেটে মাটি সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৭৪৯ ঘ.