খাগড়াছড়ি, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে রামগড়ের বড়পিলাকে সোমবার দুপুরে একটি শান্তি সমাবেশ করা হয়।
খাগড়াছড়িতে সকালের দিকে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি গাড়ি চলাচল করলেও পরে হামলার ভয়ে বন্ধ হয়ে যায়।
রামগড় ও মানিকছড়িতে জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে। ঘটনাস্থল ও আশপাশ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপারিনটেনডেন্ট আবু কালাম সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোনো মামলাও হয়নি।
রোববার ভূমি দখল নিয়ে রামগড়ের বড় পিলাকের পথছড়া, শনটিলা, রে অং ম্রং পাড়ায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে তিন জন নিহত হয়।
সোমবার দুপুর ২টার দিকে রামগড়ের বড়পিলাক প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় প্রশাসন একটি শান্তি সমাবেশ করেছে।
এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য যতীন্দ্রলাল ত্রিপুরা, সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার আহসাব উদ্দিন, পুলিশের চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি নওশের আলী, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমাবেশে বক্তারা বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেয়া হবে। নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
যতীন্দ্রলাল ত্রিপুরা নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে একলাখ টাকা করে অনুদান ঘোষণা করেন।
জেলা প্রশাসক আনিসুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় মামলা হবে। দোষীদের খুঁজে বের করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।
এদিকে তিনজনের লাশ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বড়পিলাক এলাকায় পৌঁছলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
সন্ধ্যায় নামাজে জানাজা শেষে দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়।
সংঘর্ষের ঘটনা তদন্তে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা গোপল চন্দ্র দাস ও খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/২২১৪ ঘ.
bdnews24