ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য জাতীয় বাজেটের ১০ শতাংশ বরাদ্দ রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে প্রতিবন্ধীদের সংগঠন ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন (ন্যাডপো)।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। ন্যাডপোর সভাপতি মো. আবদুস সাত্তার দুলাল এতে লিখিত বক্তব্য পড়ে শোনান।
সংগঠনটির অন্য দাবিগুলো হলো- বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের বরাদ্দ নিশ্চিত করা, জাতীয় ব্রেইল প্রিন্টিং প্রেস ও ইশারা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, প্রতিবন্ধীদের চলাচলের উপযোগী রাস্তাঘাট নির্মাণ, প্রতিবন্ধী সহায়ক উপকরণ উৎপাদনে শিল্প স্থাপন, গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি নিবাস স্থাপন, প্রতিবন্ধীদের অধিকার সংবলিত জাতিসংঘ সনদ বাস্তবায়ন এবং প্রতিবন্ধী নীতির আলোকে জাতীয় বাজেটে বরাদ্দ নিশ্চিতর করা।
সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার বলেন, ২০১০-১১ অর্থ বছরের বাজেটের উন্নয়ন খাতে প্রতিবন্ধীদের জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ ছিলো না। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ পরিষদসহ বিভিন্ন খাতে যে বরাদ্দ দেওয়া হয়, তা ছিলো মোট বাজেটের দশমিক ১০ শতাংশ। দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষের তুলনায় এই বরাদ্দ একেবরেই অপ্রতুল।
তিনি বলেন, "আমরা মুখে অনেক কথা বললেও বাস্তবে তা করি না। কথা ও কাজের এমন পার্থক্যের কারণে প্রতিবন্ধীরা অবহেলিত হয়।"
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাডপোর সহ সভাপতি আনোয়ার হোসেন হাজারী, মহাসচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ইফতেখার হোসেন সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/১৬৫৮ ঘ.
bdnews24