ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানকে এবার ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়েছে সিআইডি।
এনএসআই'র এই সাবেক দুই প্রধান হলেন- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী।
তারা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গত ১৩ এপ্রিল হেফাজতের এ আবেদন করেন।
এ আবেদনের ওপর সোমবার শুনানি হবে বলে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল।
সোমবার শুনানির সময় তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হবে।
দশ ট্রাক অস্ত্র মামলায় এনএসআই'র এই সাবেক দুই প্রধানকে চট্টগ্রাম কারাগার ফটকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার সিআইডিকে অনুমতি দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। এর আগে তাদেরকে কয়েক দফা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
ওই ঘটনায় মতিঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মামলা হয়। পরে মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩২৫ ঘ.
bdnews24