ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী থেকে ওএমএসের তিন হাজার বস্তা চাল-গম উদ্ধার করেছে র্যাব। ঘটনাস্থল থেকে খাদ্য অধিদপ্তরের এক গাড়িচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকার বিভিন্ন গুদাম থেকে প্রতিটি ৫০ কেজি ওজনের বস্তাগুলি উদ্ধার করা হয়।
রোববার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে।
অভিযানে প্রাথমিক পর্যায়ে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তারা হলেন- জাহাঙ্গীর আলম ও মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ খাদ্য অধিদপ্তরের গাড়িচালক বলে র্যাব জানিয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব-২ এর মেজর এরশাদুল হক রাত ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদ্য অধিদপ্তরের দুই কর্মকর্তা ঘটনাস্থলে এলে তাদের মালামালগুলো বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এরশাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার সংলগ্ন পূর্ব তেজতুরি বাজার এলাকায় এসএন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে প্রথমে অভিযান চালানো হয়।
এখান থেকেই গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম এবং মোস্তাফিককে।
তবে মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, পাশে ফুটপাতে চায়ের দোকানে চা পান করার সময় ডেকে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মালিক কিছুদিন আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে নয় টন চাল কিনেছেন।
মেজর এরশাদ জানান, এসএন এন্টারপ্রাইজে অভিযান চালানোর পর স্থানীয় লোকজনের কাছ থেকে জেনে আরো তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এগুলো হলো- শফিক এন্টারপ্রাইজ, এইচএম এন্টারপ্রাইজ এবং ফেয়ার এন্টারপ্রাইজ।
চারটি প্রতিষ্ঠানের নয়টি গুদামে গড়ে তিনশ বস্তা চাল-গম রয়েছে বলে জানান মেজর এরশাদ। এই তিন হাজার বস্তার মধ্যে প্রায় পাঁচশ বস্তা গম রয়েছে।
ফেয়ার এন্টারপ্রাইজে অভিযান চালানোর সময় খাদ্য অধিদপ্তরের বেশ কিছু কাগজ দেখা যায়। এছাড়া এখানে খাদ্য অধিদপ্তরের দৈনিক তদারকির একটি পরিদর্শন খাতাও দেখা যায়।
এই পরিদর্শন খাতায় উপ-খাদ্য পরিদর্শক শায়মা আকতারের নাম, স্বাক্ষর ও মোবাইল নম্বর পাওয়া যায়।
মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেয়ার এন্টারপ্রাইজ খোলাবাজারে চাল বিক্রি করে থাকে। শনিবার সর্বশেষ পরিদর্শন করে দেখা যায় তাদের কাছে সরকারি কোনো চাল নেই।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, খোলাবাজারে চাল বিক্রির পর সরকারি সিল থাকা বস্তাগুলো সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। সাধারণ ব্যবসায়ীরা এসব বস্তা কিনে তাদের নিজস্ব কেনা চাল ঢুকিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।
র্যাবের আটক করা চালের বস্তাগুলো এমন কিছু একটা হতে পারে বলে জানান শায়মা আকতার।
র্যাব-২-এর অধিনায়ক আলী রেজা খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে আসতে অনুরোধ করা হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের অভিযানের সময় চারটি প্রতিষ্ঠানের কোনোটির মালিককে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমইউএস/এমআই/পিডি/২১৩৯ ঘ.
bdnews24