২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকারীর খপ্পর থেকে বেরিয়ে এলো ৪ স্কুলছাত্রী

বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি ও সুজনকাঠী গ্রামের চার স্কুলছাত্রী অপহরণের ১৫ ঘণ্টা পর পাচারকারীদের খপ্পর থেকে বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

বরিশাল, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি ও সুজনকাঠী গ্রামের চার স্কুলছাত্রী অপহরণের ১৫ ঘণ্টা পর পাচারকারীদের খপ্পর থেকে বেরিয়ে এসেছে। আগৈলঝাড়া থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। রোববার সকালে ওই ছাত্রীরা মুক্ত হয়। পুলিশ জানায়, আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের তিন জন এবং সুজনকাঠী গ্রামের এক ছাত্রী শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। এসআই জসিম বলেন, ওই দিন রাত ১০টার দিকে তাদের ঢাকার মিরপুর এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে রাখা হয়। সেখানে অন্য জেলার আরো ২১ ছাত্রীও ছিলো। পাচারকারীদের কবল থেকে মুক্ত হওয়ায় ছাত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলে এ তথ্য পাওয়া গেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, "রাতে তারা সবাই (২৫ জন) পাচারকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করার উপায় খোঁজে। আজ (রোববার) ভোর ৬টার দিকে সকালের নাস্তা নিয়ে এক মহিলা তাদের কক্ষে ঢুকলে তাকে আটকে ছাত্রীরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন পাচারকারী দলের অন্য সদস্যরা অন্য কক্ষে ঘুমিয়েছিলো।" অপহৃতরা এরপর গাবতলী বাস টার্মিনালে গিয়ে নিজ নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ করে গন্তব্যে রওনা হয় বলে জসিম জানান। গাবতলীর একটি গাড়ির চালক আগৈলঝাড়ার নগরবাড়ি গ্রামের বাসিন্দা মো. আখিউল হাওলাদার তার উপজেলা চার ছাত্রীকে বাড়ি ফিরতে সহায়তা করেন। তিনি আগৈলঝাড়া থানায়ও বিষয়টি জানান। আখিউল পুলিশকে বলেছে, স্কুলছাত্রীদের কোন এলাকায় আটকে রাখা হয়েছিলো, তার সঠিক বর্ণনা তারা দিতে পারেনি। পুলিশ কর্মকর্তা জসিম বলেছেন, মুক্ত ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে অপহরণ চক্রকে সনাক্ত ও গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৮ ঘ.