২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় ১৪৪ ধারা জারি

একই সময় একই স্থানে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ সমাবেশ ডাকায় কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা স্টেশনের পুরাতন এস আলম কাউন্টার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

কক্সবাজার, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময় একই স্থানে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ সমাবেশ ডাকায় কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা স্টেশনের পুরাতন এস আলম কাউন্টার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্র জানায়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন সাংবাদিকদের জানান, ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ছাত্রলীগের দুই পক্ষ দুুপুর ১২টায় একই স্থানে সমাবেশ ডাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রণের স্বার্থেই এ আদেশ জারি করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ জানান, চকরিয়া উপজেলায় ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি থাকার পরও জেলা সভাপতি আলী আহমদ 'অগঠনতান্ত্রিক' ভাবে আরেকটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। তিনি বলেন, "ওই আহ্বায়ক কমিটি সমাবেশ ডাকায় মূল কমিটি সমাবেশ প্রতিরোধের ঘোষণা দিয়েছে।" ছাত্রলীগের জেলা সভাপতি আলী আহমদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, "কেন্দ্রের নির্দেশে পুরনো কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা সাধারণ সম্পাদকও ওই কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭০৬ ঘ.