২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার আসামিকে পুলিশের সামনে 'কুপিয়েছে বাদীপক্ষ'

মাদারীপুরের কালকিনিতে মামলার আসামি এক যুবক গ্রেপ্তার হওয়ার পর হাতকড়া পরা অবস্থায় পুলিশের সামনেই বাদীপক্ষের লোকেরা তাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

মাদারীপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনিতে মামলার আসামি এক যুবক গ্রেপ্তার হওয়ার পর হাতকড়া পরা অবস্থায় পুলিশের সামনেই বাদীপক্ষের লোকেরা তাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কালকিনি উপজেলার দুর্গম বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেচর গ্রামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। যুবকের নাম সবুজ বেপারি (২২)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সবুজের মা শর্মিলা বেগম শনিবার সন্ধ্যায় কালকিনি থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও তা স্থানীয় সংবাদিকদের নজরে আসে শনিবার বিকালে। এলাকাবাসী জানায়, প্রায় দুমাস আগে মধ্যেচর গ্রামে একটি মারামারির ঘটনায় সবুজকে আসামি করে কালকিনি থানায় মামলা দায়ের করেন এলাকার প্রভাবশালী লোকমান হোসেন চৌধুরী। সেই মামলায় পুলিশ শুক্রবার সন্ধ্যায় সবুজকে গ্রেপ্তার করতে ওই গ্রামে যায়। সবুজের পিতা লাটু বেপারি সাংবাদিকদের জানান, সবুজ শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির কাছেই ইরি ধানক্ষেতে পানি দিচ্ছিলো। এ সময় কালকিনি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফায়েকুজ্জামান ও এসআই নাসিরউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সবুজকে ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে থাকা বাদীপক্ষের ১৫/১৬ জন লোক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেকারি বাড়ির মোড়ে সবুজকে কুপিয়ে জখম করে চলে যায়। লাটু বেপারি অভিযোগ করে বলেন, "পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সবুজের হাতকড়া খুলে খাসেরহাট ফাঁড়ির সামনে ফেলে রেখে চলে যায়। তারা তাদের পোশাকে লেগে যাওয়া রক্ত আঁড়িয়াল খাঁ নদের পানিতে ধুয়ে ফেলে।" পরে আত্মীয়-স্বজনরা সবুজকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। এ ব্যাপারে এসআই ফায়েকুজ্জামান সাংবাদিকদের বলেন, "সবুজের বিরুদ্ধে মামলা থাকায় আমরা তাকে গ্রেপ্তার করার জন্য যাই ঠিকই, তবে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি।" হাতকড়া পড়া অবস্থায় সবুজের উপরে কেউ হামলা করেনি বলে দাবি করেন এস আই ফায়েকুজ্জামান। কালকিনি থানার ওসি শাহিন মন্ডল জানান, সবুজ আহত হওয়ার ঘটনায় তার মা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় লোকমান হোসেন চৌধুরী, আবু আলম কবিরাজ ও আরিফ চৌধুরীসহ ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। ওসি বলেন, "পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১২০ ঘ.