মাগুরা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে পলাশবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে ২১ জনকে মাগুরা, যশোর ও মহম্মদপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম জানান, পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামানের সঙ্গে একই দলের আব্দুল ওয়াদুদের গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
তিনি বলেন, এলাকায় শিশুদের খেলাধুলা নিয়ে শুক্রবার দু'পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জের ধরেই শনিবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মহম্মদপুর থানার ওসি এস এম শামসুল হক জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯০৫ ঘ.
bdnews24