২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চিকিৎসককে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাকী মির্জাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাকী মির্জাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর সোয়া ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পিছনে সরকারি ডরমেটরির ২য় তলায় ৮ নম্বর কক্ষ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দৃর্বৃত্তরা ডাক্তার বাকী মির্জাকে (৪০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। তার দেহে ধারালো অস্ত্রের অনেকগুলো কোপের চিহ্ন রয়েছে। ওসি জানান, ওই কক্ষ থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। কক্ষের এলোমেলো জিনিষপত্র দেখে ধারণা করা হচ্ছে হত্যার আগে ধস্তাধস্তি হয়েছে। ডা. বাকী মির্জা ডরমেটরির ৮ নম্বর কক্ষে থাকতেন। তার পাশেই ৯ নম্বর কক্ষে থাকেন সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের রিডার সোহরাব আলী। সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডা. মির্জার সঙ্গে ঘনিষ্ঠ একটি পরিবারের মেয়ে ও ছোট বোন এশা শনিবার দুপুরে মির্জাকে ফোন করে পাননি। উল্লাপাড়া হামিদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এশা কয়েকবার ফোন করেও ডা. মির্জাকে না পেয়ে তার খোঁজে দুপুর ২টার দিকে ডরমেটরিতে যান। তিনি সোহরাব আলীর কক্ষের সামনে গিয়ে ডা. মির্জার সন্ধাণ করেন। সোহরাব তাকে ডা. মির্জার কক্ষে গিয়ে খোঁজ করার জন্য বলেন। এশা ৮ নম্বর কক্ষের দরজা বাইরে থেকে আটকানো দেখেন এবং তা খুলতে না পেরে আবার সোহরাব আলীর কক্ষের সামনে যান। পরে সোহরাব বাইরে এসে এশার সঙ্গে ৮ নম্বর কক্ষের সামনে যান এবং দরজা খোলার পর দেখতে পান মেঝেতে ডা. মির্জার রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে সোহরাব পুলিশে সংবাদ দেন। ওসি বাসুদেব সিনহা জানান, পুলিশ বিকাল ৩টার দিকে লাশ উদ্ধার করে। ওসি বলেন, "হত্যাকাণ্ডের কোন রহস্য জানা যায়নি। তবে তা খতিয়ে দেখা হচ্ছে। এশা এবং ডরমেটরিতে কর্মরত দু'জন কাজের বুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।" সংবাদ পেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, র‌্যাব-১২'র স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি শহিদ উল্লাহ্ ও বিএমএর সভাপতি ডা. জহুরুল হক রাজা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডা. বাকী মির্জা শুক্রবার রাত ১২টা পর্যন্ত হাসপাতালে দায়িত্বপালন শেষে ডরমেটরিতে যান। এরপর তার সাথে হাসপাতালের কারো কোন যোগাযোগ হয়নি। তিনি জানান, ডা. মির্জা ২০০৭ সালে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপপুর গ্রামে। তার স্ত্রী রাজধানী ঢাকার মহাখালীতে বেসরকারি মেট্রোপলিটন ক্লিনিকে গাইনী বিভাগে কর্মরত। তাদের একটি মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৫৭ ঘ.