ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ক্রিকেট খেলায় ঝগড়ার পর হামলার শিকার এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর শফিকুল ইসলাম (২২) নামের ওই যুবক মোহাম্মদপুরে একটি ফোন ফ্যাক্স দোকানের কর্মচারি।
পুলিশ এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- টুটুল, হাসান ও ওলি। তারা শফিকুল এবং রাজনকে মারধরের কথা শিকার করেছেন।
শুক্রবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। শফিকুল আহত হওয়ার কিছুক্ষণ আগে রাজন (২১) নামে এক রিক্সাচালক একই হামলাকারিদের শিকার হয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে শফিকুল, রাজন, টুটুল, হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেট খেলছিলেন। খেলাকে কেন্দ্র করে শফিকুল, রাজনদের সঙ্গে টুটুল, হাসানদের মারধর হয়।
"এই মারধরকে কেন্দ্র করে টুটুল হাসানসহ ১১জন শুক্রবার রাত সাড়ে ৯টার পর শফিকুলদের খুঁজতে গিয়ে রাজনকে হাজারীবাগ থানা এলাকার বেড়িবাধ সংলগ্ন গাজী এন্টারপ্রাইজ নামে একটি দোকানের সামনে পায়। তখন তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।"
তিনি জানান, রাজনকে আহত করে যাওযার সময় মোহাম্মদপুর থানা এলাকার হাশেম খান সড়কের কাছে শফিকুলকে পেয়ে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে তারা চলে যায়। শফিকুল এসময় তার শশুড়বাড়ি যাচ্ছিলেন।
স্থানীয় লোকজন তাদের পৃথকভাবে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শফিকুল মারা যায় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৭৪৩ ঘ.
bdnews24