ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারে কারসাজির জন্য দায়ীদের বিচার সামরিক আইনে সম্ভব- এমন বক্তব্য দেওয়ার কথা খোন্দকার ইব্রাহিম খালেদ অস্বীকার করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বললেন, ইব্রাহিমকে ওই কথা বলতে টেলিভিশনে দেখেছেন তিনি।
নাসিম শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বলেন, "এখন খোন্দকার ইব্রাহিম খালেদ বলছেন, তিনি সেনা আইনে বিচার সম্ভব- এটা বলেননি। কিন্তু আমি টিভিতে দেখেছি, তিনি বলেছেন।"
পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান ইব্রাহিম গত বৃহস্পতিবার বাংলাভিশন-কে বলেন, এ ধরনের অপরাধের বিচার সেনা শাসনের সময়ই দ্রুত সম্ভব হয়।
এর ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও সংবাদ প্রকাশ করে। ওই বক্তব্য নিয়ে সরকারের ভেতরে-বাইরে সমালোচনায় পড়েন কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম।
নিজের বক্তব্যের ব্যাখ্যায় পরে তিনি বিবিসিকে বলেন, টেলিভিশন চ্যানেলকে তিনি যা বলেছেন, তা ঠিকভাবে উদ্ধৃত করা হয়নি। যদিও ওই টেলিভিশনের বক্তব্যের রেকর্ড থেকেই প্রতিবেন প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমও জানালেন, তিনি ইব্রাহিমের বক্তব্য দেখে সামরিক শাসনের অধীনে বিচারের কথাই শুনেছেন।
ইব্রাহিমের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "সেনা আইনে কোনো বিচার হয় না। বরং গণতান্ত্রিক আমলেই বিচার সম্ভব। সেনা আইনে বিচার সম্ভব হলে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যা মামলার বিচার জিয়া ও এরশাদের সামরিক আমলে হয়নি কেন?"
গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের পুঁজিবাজারে অস্থিরতার পরিপ্রেক্ষিতে ইব্রাহিম খালেদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়। এটি সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও সংবাদ মাধ্যমে ছাপা হয়ে গেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম বলছেন, সরকার চেয়েছে বলেই তা প্রকাশ হয়েছে।
"সরকার প্রকাশ না করলে এ প্রতিবেদন গণমাধ্যমে কীভাবে এসেছে", বলেন তিনি।
"বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। এ সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে। আর স্বচ্ছতার খাতিরেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।"
রিপোর্টার্স ইউনিটিতে জনতার প্রত্যাশা নামে একটি সংগঠন আয়োজিত 'যুদ্ধাপরাধীদের বিচার ও বিএনপি জামায়াত জোটের ষড়যন্ত্র' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন নাসিম।
সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "আগামী এক মাসের মধ্যে শীর্ষস্থানীয় ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে বলে আমরা আশা করছি।"
"আগামী এক বছরের মধ্যেই চিহ্নিত ঘাতকদের বিচার শেষ করতে পারবো", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24