ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঙ্গোতে জাতিসংঘের বিমান বিধ্বস্ত হয়ে নিহত দুই সেনা সদস্যের মরদেহ ঢাকা পৌঁছেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে ওই দুই সেনা সদস্যের লাশ দেশে পাঠানো হয়। শুক্রবার রাত সোয়া ৮টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে।
সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিহতদের পরিবারের স্বজনরা লাশ গ্রহণ করেন।
গত ৪ এপ্রিল ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে কিনসাসা বিমান বন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর করপোরাল (ক্লার্ক) মো. ইউনুস মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মেজর কে এম জিয়াউল হককে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
৩৩ জন যাত্রী নিয়ে জাতিসংঘের ওই বিমানটি কঙ্গোর গোমা থেকে রাজধানী কিনসাসায় যাচ্ছিলো।
আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরদেহ দুটি শুক্রবার রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। শনিবার সকাল ৯টায় সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে জিয়াউল হককে বনানী সামরিক কবরস্থানে এবং ইউনুসকে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় সমাহিত করা হবে।
মেজর কে এম জিয়াউল হকের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার লাদুরচর (মজমপুর) গ্রামে। কঙ্গো যাওয়ার আগে তিনি খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে দায়িত্বরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএসজেড/এএল/জেকে/২০২৭ ঘ.
bdnews24