২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গাঁজায় বুঁদ হয়ে' কনটেইনারে আটকা পড়ে দুই বন্দর শ্রমিক

সিঙ্গাপুরের বন্দরে কার্গো কন্টেইনার থেকে যে দুই বাংলাদেশি বন্দর শ্রমিককে উদ্ধার করা হয়েছে তারা চট্টগ্রাম বন্দরে ওই কন্টেইনারে ঢুকে মাদক সেবন করতে গিয়ে আটকা পড়েন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের বন্দরে কার্গো কন্টেইনার থেকে যে দুই বাংলাদেশি বন্দর শ্রমিককে উদ্ধার করা হয়েছে তারা চট্টগ্রাম বন্দরে ওই কন্টেইনারে ঢুকে মাদক সেবন করতে গিয়ে আটকা পড়েন বলে জানা গেছে। মাদকের নেশায় বুঁদ হয়ে থাকায় চট্টগ্রাম বন্দরে ওই কন্টেইনারটির দরজা বন্ধ করার সময় তারা টের পাননি। দুই শ্রমিকের মধ্যে বেঁচে যাওয়া দীন ইসলাম (৩০) এ কথা জানিয়েছেন সিঙ্গাপুর থেকে প্রকাশিত 'বাংলার কণ্ঠ' প্রত্রিকার সম্পাদক এ কে এম মোহসিনকে। সিঙ্গাপুরের 'দি স্ট্রেইটস টাইমস' মোহসিনের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে। কার্গো কনটেইনারে নয়দিন আটকে থাকার পর চট্টগ্রাম বন্দরের শ্রমিক দীন ইসলামকে গত ১০ এপ্রিল সিঙ্গাপুরের একটি বন্দরে জীবিত উদ্ধার করা হয়। এই নয়দিন তিনি খাবার ও পানি ছাড়াই কনটেইনারের ভেতরে ছিলেন। অবশ্য তার সঙ্গী অপর শ্রমিক আলমগীরের মৃত্যু হয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়, পরিচ্ছন্নতা কর্মী দীন ইসলাম মোহসিনকে জানিয়েছেন- তিনি এবং তার সহকর্মী আলমগীর ওইদিন বন্দরে কাজ করার সময় ওই কন্টেইনারে ঢুকে গাঁজা বা মারিজুয়ানা সেবন করেন। নেশায় বুঁদ হয়ে এক সময় তারা সেখানে ঘুমিয়ে পড়েন। এ জন্য কখন কনটেইনারের দরজা বন্ধ করা হয় তা তারা টেরই পাননি। যখন ঘুম ভাঙে ততক্ষণে ওই কনটেইনার 'হানসা কালেডো' নামের সিঙ্গাপুরগামী জাহাজে তোলা হয়ে গেছে। তারা সাহায্যের জন্য ভেতর থকে চিৎকার করেন। কিন্তু কেউ তাদের সে চিৎকার শুনতে পায়নি। গত ১ এপ্রিল জাহাজটি কনটেইনারসহ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। প্রায় পাঁচদিন পর জাহাজটি সিঙ্গাপুরের বন্দরে নোঙর করে। সিঙ্গাপুরের পাসির পানজাং টার্মিনালে ওই কনটেনইনারটি আরো পাঁচদিন পড়ে থাকে। অবশ্য এর আগে 'দি স্ট্রেইটস টাইমস' জানিয়েছিল, দুই সপ্তাহ আগে এই কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে কার্গো জাহাজে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এর ভেতরেই আটকা পড়েন দীন ইসলাম ও অপর শ্রমিক আলমগীর। ১০ এপ্রিল রাতে সিঙ্গাপুরের পাসির পানজাং টার্মিনালের কর্মীরা ওই কনটেইনারের মধ্যে দীন ইসলামকে জীবিত ও অপর এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। তারা দু'জন চট্টগ্রাম বন্দরে কাজ করার ফাঁকে গত ২১ মার্চ ওই কনটেইনারে বিশ্রাম নিতে গিয়ে আটকা পড়েন। পরে ওই কনটেইনারটি 'হানসা কালেডো' নামে একটি কার্গো জাহাজে উঠানো হয়। ২৬ মার্চ এটি সিঙ্গাপুরের বন্দরে পৌঁছায়। বন্দরের ইয়ার্ডে এই কনটেইনারটি দুই সপ্তাহ ধরে উন্মুক্ত স্থানে রাখা ছিল বলে পত্রিকাটির খবরে বলা হয়। বাংলার কণ্ঠের সম্পাদক মোহসিন দীন ইসলামের সঙ্গে কথা বলেছেন। তিনি স্ট্রেইটস টাইমসকে জানান, কনটেইনারে আটকা পড়া অবস্থায় ওই দুই শ্রমিকের খাবার বা পানি কিছুই ছিল না। কনটেইনারের যেখানে স্ক্রু ছিল সেখান দিয়ে যে বাতাস ঢুকত তাতেই তারা শ্বাস নিতেন। মোহসিন বলেন, "ওই দুই শ্রমিক শ্বাস নিতে পারতেন। কিন্তু কয়েকদিন পর দীন ইসলামের সঙ্গী আলমগীরের মৃত্যু হয়।" ১০ এপ্রিল উদ্ধার হওয়ার আগ পর্যন্ত আলমগীরের পচন ধরা মৃতদেহ তার পাশেই পড়েছিল। উদ্ধার হওয়ার পর দীন ইসলামকে সিঙ্গাপুরের আলেক্সান্দ্রা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান বলে পত্রিকাটি জানায়। অভিবাসী শ্রমিকদের সহায্যকারী সংস্থা 'ট্রানজিয়েন্ট ওয়ার্কার্স কাউন্ট টু'র একজন স্বেচ্ছাসেবীর হেফাজতে রয়েছেন দীন ইসলাম। সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনের একজন মুখপাত্র স্ট্রেইটস টাইমসকে বুধবার বলেন, দীন ইসলাম সিঙ্গাপুর ত্যাগের অনুমতি পেলেই তারা তার পুনর্বাসনে সাহায্য করবেন। তার সহকর্মী আলমগীরের মৃত্যুর ঘটনা তদন্তে সিঙ্গাপুরের পুলিশকে সাহায্য করতে তাকে ওইদেশে অবস্থান করতে হবে। মোহসিনের বরাত দিয়ে পত্রিকাটির খবরে আরো বলা হয়, দীন ইসলাম তার পরিবারের সদস্যদের কোনো টেলিফোন নম্বর বলতে পারছেন না। তিনি একটি ঠিকানা দিয়েছেন, কিন্তু তা স্পষ্ট নয়। দীন ইসলাম জানিয়েছেন, তিনি বিবাহিত। তার স্ত্রী, এক বছরের এক ছেলে, বাবা, মা ও দুই ভাই রয়েছে। কিন্তু আলমগীর অবিবাহিত। দীন ইসলাম ও আলামগীরের বাড়ি চট্টগ্রামের দু'টি গ্রামে। দুই গ্রামের দূরত্ব কয়েক কিলোমিটার। এদিকে দুই শ্রমিক কনটেইনারে আটকা পড়ার ঘটনা তদন্তে চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলমকে প্রধান করে বন্দর কর্তৃপক্ষ চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির অপর তিন সদস্য হলেন- বন্দরের উপ-পরিচালক (নিরাপত্তা) লে. কমান্ডার আকরাম হোসেন, টার্মিনাল ম্যানেজার এনাম আহমেদ ও প্রধান নিরীক্ষক হাবিবুর রহমান। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম স্ট্রেইটস টাইমসকে বৃহস্পতিবার বলেন, "আমার মনে হয় এ ঘটনা পরিকল্পিত নয়। এটি নিছক দুর্ঘটনা। এভাবে কেউ সিঙ্গাপুর যায় না।" তিনি পত্রিকাটিকে আরো বলেন, বন্দর কম্পাউন্ডের বাইরের ডকে 'হানসা কালেডো' জাহাজটিতে কনটেইনার লোড করা হয়। এসব ক্ষেত্রে জাহাজে লোডিংয়ের কাজ কাস্টমস কর্মকর্তারা মনিটর করে থাকেন। ক্যাপ্টেন নাজমুল আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটি বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে। হানসা কালেডো জাহাজটি সিঙ্গাপুর থেকে ফিরে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর জেটিতে নোঙর করে আছে। কমিটির সদস্যরা জাহাজটি পরিদর্শন করেছেন। তারা জাহাজের মাস্টার ও চিফ অফিসারের সঙ্গে কথা বলেছেন। কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে কোথায় কী অবস্থায় রাখা ছিল, জাহাজে তোলা হয়েছিল কখন, কখন প্রথম জানা গেল যে এর ভেতরে দুই শ্রমিক আটকা পড়ে আছে- ইত্যাদি বিষয় তারা জানতে চান। তদন্ত কমিটি সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে ক্যাপ্টেন নাজমুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমসি/এইচএ/২০০৭ ঘ.